১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভুয়া তথ্যতে এমআরএ অডিট পল্লবী’র অবৈধ ঋণ কার্যক্রম

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ৯:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ভুয়া তথ্যতে এমআরএ অডিট পল্লবী’র অবৈধ ঋণ কার্যক্রম
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : নিবন্ধন আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বেশকিছু আর্থিক প্রতিষ্ঠান অডিট করেছেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-এমআরএ’র সুপারভিশন শাখার সিনিয়র সহকারী পরিচালক সুচিতা নাসরিন জান্নাত। এমআরএ’র নিবন্ধন দিতে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নানাবিধ কার্যক্রম পরিদর্শন করেন। এরমধ্যে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর হাটের পল্লবী দারিদ্র্য বিমোচন সংস্থা নামের একটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন সিনিয়র সহকারী পরিচালক সুচিতা নাসরিন জান্নাত।
অভিযোগ উঠেছে, অডিটে নানারকম মিথ্যা তথ্য দিয়ে তা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান কার্যালয় কালিনগর হাটে থাকলেও অডিটের সময় ভিন্ন একটি ঠিকানা উল্লেখ করেছে পল্লবী দারিদ্র্য বিমোচন সংস্থা। এছাড়াও ক্ষুদ্র ঋণের কোনধরনের কার্যক্রম পরিচালনার কোন অনুমতি না পেলেও তারা ক্ষুদ্র ঋণের কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি সমাজসেবা অধিদপ্তরের লাইসেন্স নিয়ে পরিচালনা করলেও কোন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ নেয় প্রতিষ্ঠানটির।
ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এক মহিলাকে অমানবিকভাবে বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে পল্লবী দারিদ্র্য বিমোচন সংস্থার বিরুদ্ধে৷ বর্তমানে পল্লবী দারিদ্র্য বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও প্রতিষ্ঠানটিতে মালিকানা থাকা তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে প্রতিষ্ঠানটির বাইরে গিয়ে সুদের ব্যবসা করারও অভিযোগ রয়েছে। সমাজসেবার লাইসেন্স নিয়ে গত কয়েক বছর ধরে অবৈধ ক্ষুদ্র ঋণের কার্যক্রম করলেও সম্প্রতি তারা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-এমআরএ’র লাইসেন্স নিতে আবেদন করেছে। তাদের এমআরএ সনদ নম্বর ১২৮৭। অবৈধ ক্ষুদ্র ঋণের কার্যক্রম পরিচালনা ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-এমআরএ’র অডিটে মিথ্যা তথ্য দেয়া নিয়ে কথা বলতে পল্লবী দারিদ্র্য বিমোচন সংস্থার কালিনগর হাটে প্রধান কার্যালয়ে গেলে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
এবিষয়ে জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা (রেজিষ্ট্রেশন) মো. ফিরোজ কবির বলেন, সমাজসেবা অধিদপ্তর শুধুমাত্র স্বেচ্ছাসেবী বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান বা সংস্থার নিবন্ধন দেয়। কোন আর্থিক প্রতিষ্ঠানকে নিবন্ধন দেয়া সমাজসেবা অধিদপ্তরের কাজ নয়। তাই অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংস্থার নামে নিবন্ধন নিয়ে কোন সংস্থা যদি ঋণ কার্যক্রন পরিচালনা করে, তাহলে তা সম্পূর্ণভাবে অবৈধ ও নিয়ম বর্হিভূত। তিনি আরো জানান, জেলায় প্রায় দেড় শতাধিক প্রতিষ্ঠান এমন অনিয়ম করছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নিয়ে অবৈধ ঋণ কার্যক্রম পরিচালনা করা প্রায় ৭৫টি সংস্থাকে তলব করা হয়েছে এবং তাদের এসব কার্যক্রমের তথ্য ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এসব ভুয়া এনজিও’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এবিষয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-এমআরএ’র সুপারভিশন শাখার সিনিয়র সহকারী পরিচালক সুচিতা নাসরিন জান্নাত মুঠোফোনে জানান, এমআরএ’র নিবন্ধন পাওয়ার আগে ক্ষুদ্র ঋণের কার্যক্রম পরিচালনা করার কোন নিয়ম নেই। পল্লবী দারিদ্র্য বিমোচন সংস্থার বিরুদ্ধে পাওয়া অভিযোগটি খতিয়ে দেখা হবে। এমন কাজের প্রমাণ পেলে কোন প্রতিষ্ঠানকে নিবন্ধন দেয়া হবে না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন