১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে গ্যাস পেতে ফিলিং স্টেশনে ভোগান্তি

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২, ৯:২৩ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে গ্যাস পেতে ফিলিং স্টেশনে ভোগান্তি
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি
রাজশাহীর এনবি সিএনজি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদামত গ্যাস পাচ্ছেন না বলে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সব সময় স্টেশনে দীর্ঘ লাইনসহ সামনের রাস্তায় ভিড় লেগেই থাকে। যানবাহনের এ ভিড় বাড়ায় স্টেশনের সামনের রাস্তায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইনের যানজট। খড়খড়ির বাইপাস রাস্তায় যানজটের কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। চালক, শ্রমিক ও মালিকদের ভাষায়, রাজশাহীতে সিএনজি চালিত যানবাহন প্রায় সাড়ে ৪/৫ হাজার। এ সিএনজি স্টেশন চালু হওয়ায় গ্যাস চালিত পরিবহন বেড়ে গেছে। এছাড়াও রাজশাহীতে গ্যাসের ফিলিং স্টেশন হওয়ায় অনেকেই যানবাহন গুলো সিএনজিতে রূপান্তর করছেন। এদিকে তেলের দাম বেড়ে যাওয়ার ফলে দিন দিন গ্যাস যানবাহনের সংখ্যা বাড়ছে। চাপ সামলাতে নতুন আরও সিএনজি স্টেশন চালুর দাবি জানিয়েছেন চালক ও মালিকেরা। শনিবার (৮ অক্টোবর) সকাল পৌনে ১১ টার দিকে নগরীর কেচুয়াতৈল বাইপাস সড়ক খড়খড়ি মেসার্স এনবি ফিলিং সিএনজি স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘ লাইন ধরে যানবাহন চালকেরা গ্যাস নিচ্ছেন।

রাজশাহী ছাড়াও দূরদূরান্ত থেকে গ্যাস নিতে এসেছেন চালক-মালিকরা। মাইক্রোবাসে গ্যাস সরবরাহ করছিলেন ফিলিং স্টেশন কর্মী। তিনি বলেন, গ্যাস সরবরাহ কম থাকায় চালক ও মালিকদের চাহিদামত গ্যাস দেওয়া যাচ্ছে না। স্টেশনে গ্যাস নিতে আসা সিএনজি চালক রিপন ও রফিকুল ইসলাম রফিক জানান, প্রায় আড়াই বছর ধরে সিএনজি অটোরিকশা চালান তারা। আগে তারা পাবনার ঈশ্বরদী থেকে গ্যাস নিতেন। সেখানে গিয়ে নানা ভোগান্তির শিকার হতেন তারা। সেই ভোগান্তি এখন রাজশাহীতে সৃষ্টি হয়েছে। তারা তাদের চাহিদা মত গ্যাস পাচ্ছেন না। বগুড়া থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এসেছিলেন প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক আব্দুল বাতেন। গ্যাস নিতে লাইনে দাঁড়িয়েছেন তিনি। তিনি বলেন, গ্যাস কমে গেছে তার জন্য ফেরার পথে গ্যাস নিচ্ছেন। গ্যাস পেলে ইচ্ছেমতো বাড়ি ফিরা যাবে। এতোদিন রাজশাহীতে গ্যাস ছিল না, ফলে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় থাকতেন। তবে এখানে গ্যাসের ফিলিং স্টেশন থাকায় চাহিদামত না পেলেও বাড়ী ফেরার জন্য গ্যাস পাচ্ছেন। তবে দিন দিন গাড়ী বাড়ছে সে জন্য এখানে
আরও গ্যাস স্টেশন প্রয়োজন।

এর আগে ২০১৩ সালের ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির সভায় রাজশাহীতে এই সিএনজি ফিলিং স্টেশনের এনওসি দেয়া হয়। আগ্রহী সাত প্রতিষ্ঠানকে বাদ দিয়ে রাজশাহীতে সিএনজি স্টেশন করার অনুমতি দেয়া হয় এনবি ফিলিং স্টেশনকে। এটির মালিকানায় রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের ভাই নাজমুল হক ও ভাগ্নে সিরাজুল ইসলাম বিপ্লব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন