১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:০৩ অপরাহ্ণ | বিভাগ: lead
গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ ছাড়া অভিযানে ১৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন সম্পর্কে মা ও ছেলে। গ্রেপ্তার দুজন হলেন- গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার বাসিন্দা আরজান বেগম (৬৪) ও তাঁর ছেলে মো. মাহাবুর (৩৯)। শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাঁদের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে একটি হেরোইন পাচার চক্রের সন্ধান পাওয়া গেছে। গোয়েন্দা দল তাঁদের নজরদারি করছে। গোয়েন্দা তথ্যমতে র‌্যাব জানতে পারে, আরজান বেগমের বাড়িতে বিপুল পরিমাণ হেরোইন মজুদ রেখে বিক্রি করা হচ্ছে।

এরপরই অভিযানে যায় র‌্যাব। তাঁর বাড়িটি চতুর্দিক থেকে ঘেরাও করলে তিনজন দরজা খুলে পালানোর চেষ্টা করেন। এ সময় দুজন র‌্যাবের হাতে ধরা পড়লেও অন্যজন পেছনের দরজা খুলে পালিয়ে যান। পরে মা-ছেলেকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা হেরোইন মজুত রাখার কথা স্বীকার করেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর দুই কোটি ৬০ লাখ টাকা মূল্যের ২৬ প্যাকেট হেরোইন পাওয়া যায়। চায়ের প্যাকেটের ভেতরে ছিল হেরোইনগুলো। অভিযানে ড্রেসিং টেবিলের পেছনে লুকিয়ে রাখা ১৫ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, এ ব্যাপারে মা ও ছেলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের থানা-পুলিশের কাছে হস্তান্তরও করা হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন