এক্সপ্রেসওয়েতে ছিনতাই
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামালসহ পিকআপ ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতবিার রাতে ও গতকাল শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। মাদারীপুর, শিবচর, রাজৈর ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ঢাকা মেট্রো-ন-১১-৮২৭৭ নম্বর পিকআপ বিভিন ধরনের কাপড়, জুতা, চকপাউডার, লোহাসহ আরও কিছু মালামাল নিয়ে মাদারীপুর আসছিল।
পদ্মা সেতু পার হয়ে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর এলাকায় আসলে পথে ব্যারিকেড তৈরি করে মালামালসহ পিকআপটি ছিনতাই করা হয়। এ ঘটনায় শিবচর থানায় মামলা হলে মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আলমগীর মীর (৩০), আসাদুল আকন (২২), বিল্লাল (২৫) ও রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি ছিনতাই হওয়া পিকআপ ও মালামাল উদ্ধার করা হয়। শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অন্যান্যের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।-এফএনএস
এদিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুর জেলার শিবচর উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. আজাদ হাওলাদারকে কুপিয়ে এক লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতদল। এ সময় আরও দু’জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত আজাদ হাওলাদারের বাড়ি উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাঁচিকাটা গ্রামে। তিনি তার বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে ভোরে ভাঙ্গা যাচ্ছিলেন। গুরুতর আহতাবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে অটোরিকশায় করে ভাঙ্গা যাচ্ছিলেন আজাদ।
এ সময় তার সঙ্গে স্থানীয় দুই মাছ বিক্রেতা এবং তার ভাই অটোরিকশাচালক রকিব হাওলাদার ছিলেন। ভোর ৪টার দিকে তাদের পুলিয়া এলাকার কাছাকাছি গেলে আট/১০ জনের ডাকাত দল অটোরিকশাটির পথ রোধ করে। এ সময় আজাদ হাওলাদারকে কুপিয়ে তার সঙ্গে থাকা এক লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ছাড়া অটোরিকশায় থাকা বাকি তিনজনকেও পিটিয়ে জখম করে ডাকাতদল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগীর স্ত্রী নুরজাহান আজাদ বলেন, বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে যাওয়ার সময় আমার স্বামী ডাকাতির শিকার হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা থানায় অভিযোগ দিয়েছি। শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
