বাগমারায় দলবদ্ধ ধর্ষণের শিকার প্রার্থী, গ্রেপ্তার পাঁচ
মচমইল থেকে সংবাদদাতা
আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ব্যক্তিগত প্রচারণা চালাতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী সদস্য প্রার্থী। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ওই নারী প্রার্থী বাগমারা থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে বাহমনী গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্ষণের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগমারা উপজেলা মাহাবুর রহমান (২৮), আকবর হোসেন (৩৫), সোহেল রানা (২৪), দুলাল হোসেন (২৫) ও ফজলুর রহমান (৪৮)। গত শুক্রবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে বাগমারা থানার পুলিশ জানিয়েছে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে ওই নারী সদস্য প্রার্থী বাগমারা উপজেলায় বিভিন্ন স্থানে প্রচারণায় যান। প্রচারণা শেষ বাড়ি ফেরার পথে পাঁচজন যুবক তাঁর গতি রোধ করেন। এ সময় ওই নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করেন।সংঘবদ্ধ ধর্ষণের পরে অসুস্থ হয়ে পড়ে ওই নারী প্রার্থী। পরে তাকে হাসপাতাল ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আবারো নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। গত ১৫ সেপ্টম্বর উপজেলার আউচপাড়া ইউনিয়নের বাহমনী গ্রামের মোড়ে ধর্ষণের এ ঘটনা ঘটে। তিনি এক আত্মীয়কে সাথে নিয়ে ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। ধর্ষণের শিকার ওই প্রার্থী বাগমারা, মোহনপুর এবং দূর্গাপুর তিন উপজেলা নিয়ে সংরক্ষিত সদস্য পদে ভোট করবেন। এদিকে ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে তিনি জানিয়েছে।
দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা পরিষদ নির্বাচন। খোঁজ নিয়ে জানাগেছে, ওই নারী সদস্য এরআগেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ কয়েকবার প্রতিদ্বন্দ্বীতা করে জয়লাভ করতে পারেননি। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, নারী প্রার্থীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলা এরই মধ্যে সব আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
