১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজ দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ৮:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আজ দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
বিজ্ঞাপন

আসন্ন জাতীয় সংসদ অর্থাৎ দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আজ বুধবার। বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে রোডম্যাপ ঘোষণা করা হবে। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ রোডম্যাপ ঘোষণা করবেন। এ সময় অন্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত করেছে ইসি। রোডম্যাপ অনুযায়ী, চলতি মাস থেকে নির্বাচন পর্যন্ত কী কী কার্যক্রম চলবে তা নির্ধারণ করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে।

 

গত সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। রোডম্যাপ অনুযায়ী, এবার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এজন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে। ২০২৩ সালের মার্চে নীতিমালার আলোকে বিশেষজ্ঞদের সহায়তায় ৩০০ আসনে সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করবে ইসি। অন্যদিকে নির্বাচনী আইন প্রণয়নের ব্যবস্থা করা হবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। এ ছাড়া একই বছরের আগস্টে খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি আপত্তি নিষ্পত্তি করবে ইসি।

 

ওই বছরের জুনেই নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ইসির কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে- নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা, বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা ও সংস্কার, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ, নির্বাচন প্রক্রিয়া সময়োপযোগী করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার পরামর্শ নেওয়া, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও সরবরাহ। আরও রয়েছে বিধিবিধান অনুসরণ করে ভোটকেন্দ্র স্থাপন, নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম চালু, অধিকতর প্রযুক্তির ব্যবহার, দক্ষ নির্বাচনী কর্মকর্তার প্যানেল তৈরি ও প্রশিক্ষণ, পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধন ও নবায়ন কার্যক্রম, নির্বাচনী কার্যক্রমে গণমাধ্যমকে আইনি কাঠামোর আওতায় সম্পৃক্তকরণ ও ভোটারদের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম।

 

ইসির পরিকল্পনার মধ্যে বেশ গুরুত্ব পাচ্ছে যে বিষয়টি, তা হলো- ভোটার সংখ্যা, জনশুমারি ও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে জিআইএস পদ্ধতিতে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত ডাটাবেজ ও অ্যাপ্লিকেশন প্রণয়ন। কর্মপরিকল্পনার মধ্যে আরও রয়েছে- আগামী মাসে নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ। একই মাসে নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ, আগামী নভেম্বরে নারী নেতৃদের সঙ্গে সংলাপ। একই মাসে সুপারিশমালার খসড়া চূড়ান্তকরণ ও ডিসেম্বরে সুপারিশমালা চূড়ান্তকরণ।-এফএনএস

ইভিএম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১৯ সেপ্টেম্বর: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প নিয়ে আগামী গত সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনের সভাকক্ষে সপ্তম ‘কমিশন সভা’ শেষে তিনি এ কথা জানান। বেলা ১১টায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সভা শুরু হয়েছে। ইভিএম কেনার প্রকল্প নিয়ে প্রকল্প প্রস্তাবের খসড়া তোলা হয় সভায়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে অন্যান্য কমিশনাররা ছাড়াও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক ইসি সচিব বলেন, তথ্যপ্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ইভিএম ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনায় কমিশনাররা যাচাই কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

 

তবে আজকের (গতকাল মঙ্গলবার) সভায় ইভিএমের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকের (গতকাল মঙ্গলবার) সভাটি স্থগিত করে দিয়েছেন। আমরা আশা করছি আগামী সোমবার সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ইভিএমের বাজারদর যাচাই করার জন্য কয়েকদিন আগে কমিটি করে দেওয়া হয়েছিল। তারা এখনো তাদের কাজ শেষ করতে পারেনি। যাচাই শেষ হলে তারা পরে কমিশন সভায় সেটি তুলে ধরবেন। এরপর কমিশন বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। গত আগস্টে ইসির সংলাপে ২২টি রাজনৈতিক দল ইভিএম নিয়ে মতামত দিয়েছিল। এর মধ্যে নয়টি দল সরাসরি ইভিএমের বিপক্ষে মত দিয়েছে। আরও পাঁচটি দল ইভিএম নিয়ে সংশয় ও সন্দেহের কথা বলেছে। কেবল আওয়ামী লীগসহ চারটি দল ইভিএমের পক্ষে মত দিয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন