কঠোর আইনের প্রয়োগ নেই রাজশাহী রেল বিভাগে
শাহানুর রহমান রানা : কঠোর আইনের থাকলেও তার প্রয়োগ না থাকায় স্টেশন এলাকার আশপাশ ছাড়াও নিকটবর্তী এলাকায় ঝঁকি নিয়ন্ত্রনে ব্যবস্থা নেই রাজশাহী রেল বিভাগে। লাইনের ২০ ফুটের মধ্যে চলাচলে বিধি-নিষেধ থাকলেও দেখা যায়, উভয় পাশে, উপর দিয়ে, এমনকি রেললাইন ঘেঁষে চলাচল করছেন মানুষ।
এছাড়া রাজশাহীর বিভিন্ন স্থানের রেলগেট এলাকার পাশেই চায়ের দোকান ছাড়াও গড়ে উঠেছে বিভিন্ন ধরনের টং ও ঢোপ দোকান। আর কানে হেডফোন লাগিয়ে কথা বলার দৃশ্য কিংবা লরাইনের উপর দিয়ে হেঁটে চলা রাজশাহী শহরের রেল লাইনগুলোতে নিত্তনৈমিত্তিক ঘটনা। অনেকে পথের দূরত্ব কমাতে রাজশাহীর ব্যস্ততম এলাকা শহীদ কামরুজ্জামান চত্বর থেকে স্টেশনে যেতে হাঁটার পথ হিসেবে ব্যবহার করছেন রেললাইন। এ কারণে প্রায়ই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে দেখা গেছে, লাইনের ওপরে বসে গল্প করার দৃশ্য।
ট্রেন আসার সময় লাইনের মাত্র তিন থেকে চার ফিট দুরত্বে দাঁড়িয়ে আছে পথচারি ও ছোটখাটো যানবাহন। এসময় দোয়িত্বরতরা বরিয়ারগুলো নিচে নামিয়ে রাখলেও লাইনের উন্মুক্ত স্থানের পাশে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থেকে পথচারি বা যানবাহন অপেক্ষা করছে অপর প্রান্তে যাবার জন্য। কর্তব্যরত গেটম্যানরা বাঁশি বাজিয়ে বা ফ্ল্যাগ উচিয়ে সকলকে সাবধান করার পরেও রেললাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকার ঝুঁকিপূর্ণ দৃশ্য রাজশাহীতে অহরহ। রেললাইন ধরে চলাচল করা কিংবা বসে থাকা যে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ, এমন আইন সম্পর্কে ন্যূনতম ধারণা নেই সাধারণ মানুষের। সুমন নামের এক কলেজ শিক্ষার্থী বলেন, রেললাইনের দুই পাশে ১০ ফুট করে ২০ ফুট এলাকায় ১৪৪ ধারা সর্বদা জারি থাকে, সেটা তিনি প্রথম শুনলেন।
এ ব্যাপারে তার জানা নেই। একই কথা বললেন, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অলিভ আল আসাদ নামের একজন কর্মকর্তা। রেল কর্তৃপক্ষ থেকেও এ ধরনের কোনও প্রচারণা তিনি দেখেননি বলেও জানান। তিনি বলেন, রেললাইনে ১৪৪ ধারা জারির বিষয়টি বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে জানিয়ে দেওয়া জরুরি। শুধু নথিতেই আইন সীমাবদ্ধ থাকলে হবে না, তার ন্যূনতম প্রয়োগও দরকার। সরেজমিন ঘুরে দেখা গেছে রাজশাহী শহরের ২২টি ক্রসিং পয়েন্টে রেল বেরিয়ার আছে ১৬টিতে। বাকীসব একেবারেই অরক্ষিত থাকে। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রথান প্রকৌশলী আসাদুল হক ও সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর জানান, বাকী ৬টিতে বেরিয়ার ও জনবল দেয়ার প্রস্তুতি চলছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার এ বিষয়ে জানান, ১৮৬১ সালের ৫ নম্বর আইনের ১২ নম্বর ধারা মোতাবেক রেললাইনের দুইপাশে ১০ ফুট করে এলাকার মধ্যে রেলকর্মী ছাড়া সাধারণ মানুষ কিংবা গবাদিপশুর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ওই এলাকায় সব সময়ই ১৪৪ ধারা জারি থাকে। সীমানার ভেতর কাউকে পাওয়া গেলে আইনের ১০১ ধারায় যে কাউকে গ্রেফতার করা যায়। তিনি আরো বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অনেককেই দেখা যায়, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের উপর দিয়ে দেদারসে হেঁটে যাচ্ছেন। দ্রুতগতিসম্পন্ন চলমান ট্রেন তাৎক্ষণিকভাবে থামনো অসম্ভব।
বিশেষ কোন কারণে ঝুঁকি নিয়ে আকস্মিকভাবে ট্রেনটি থামাতে হলেও সেটি অন্তত ৪০৩ মিটার কিংবা ৪৪০ গজ দূরে গিয়ে থামবে। যার কারণে রেললাইনের উপর দিয়ে কিংবা ঘেঁষে কেউ চলাফেরা করলে অথবা লাইনের উপর বসে থাকলে সে ব্যক্তি ও জীবজন্তুকে বাঁচানোর জন্য ট্রেন থামানো অসম্ভব। এরকম অবস্থায় দুর্ঘটনা ঘটে। তাই জনসাধারণকে সচেতন হতে হবে। পথচারিদেরকে সচেতন করার লক্ষ্যে রেলক্রসিংগুলোতে একটি করে সাবধানতামূলক সাইনবোর্ড স্থাপনের উদ্যোগ নেবার কথাও জানান জিএম অসীম কুমার তালুকদার।
রাজশাহী রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, কামারুজ্জামান চত্বর সংলগ্ন রেলক্রসিংটি ‘এ’ ক্যাটাগরির। এটি ‘টি-২২’ আওতাধিন। যার কারণে ঐ স্থানের ক্রসিংয়ে রয়েছে দুটো বেরিয়ার গেট। শুধু ট্রেন আসার সময়ই নয়, রেললাইনের নিকটবর্তী স্থান দিয়ে চলাচল সম্পূর্ণ নিষেধ। সচেতনতার অভাবেই সাধারণ মানুষ এমন ধরনের ভুল করে থাকেন। উক্ত রেলক্রসিংয়ে মোট ৬ জন কর্মী সর্বদাই কাজ করেন। পথচারি ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সেখানে দুটো বেরিয়ার সংযোজন করা হয়েছে।
এই রেলক্রসিংটিকে আরো বেশি নিরাপদ করার জন্য সেটিকে স্পেশাল হিসেবে তৈরি করার উদ্যোগ নেয়া হচ্ছে। যার জন্য মোট ৯ জন কর্মী লাগবে। রাজশাহী রেলওয়ে থানার ওসি গোলাপ কুমার জানান, রেললাইনের উভয় পাশের ১০ ফিটের মধ্যে কেউ যেনো অস্থায়ী কিংবা স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি কিংবা কোন স্থাপনা না করে এবং রেললাইনের উপর দিয়ে যেনো কেউ চলাচল না করে সেজন্য প্রতি সপ্তাহেই বিভিন্ন এলাকায় বিটপুলিশিং কার্যক্রম অব্যাহত রাখা হয়। কিন্তু এতেও সাধারণ মানুষ সচেতন হয় না।
উল্লেখ্য যে, ১৮৬১ সালের ব্রিটিশ শাসনামলের পুরনো আইনে আজও চলছে রেলওয়ে। এই আইনের ১২ নম্বর ধারা অনুযায়ী রেললাইনের দুই পাশে ২০ ফুটের মধ্যে রেলওয়ে বিভাগের লোকবিহীন কোনো সাধারণ মানুষ কিংবা গবাদি পশু প্রবেশ সম্পূর্ণ নিষেধ। লাইনের দুই পাশের ২০ ফুট এলাকায় সবসময়ই ১৪৪ ধারা জারি থাকে। ওই সীমানার ভেতর কাউকে পাওয়া গেলে ওই আইনের ১০১ ধারায় গ্রেপ্তার করা যাবে বলেও উল্লেখ্য আছে। গবাদি পশু আটক করে তা বিক্রয় করে সেই অর্থ সরকারের কোষাগারে জমা দেওয়ারও কথা রয়েছে আইনটিতে।
