রাজশাহীর পদ্মায় ১৬ আরোহী নিয়ে নৌকা ডুবি, ৪ জন নিখোঁজ
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় পদ্মা নদীতে ডিঙ্গি নৌকা ডুবিতে চারজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে নগরীর তালাইমারী মিজানের মোড় বালুরঘাট এলাকার পদ্মায় নৌকা ডুবি ঘটে। নিখোঁজ চার জনের মধ্যে তিন জনের পরিচয় মিলেছে। তারা হলেন, মো. সাদেক আলী, নবী ও নজু।
এদের মধ্যে নবীর বাড়ির নগরীর ডাঁসমারী সাতবাড়িয়া এলাকায় এবং অন্য দু’জন নগরীর মিজানের মোড়ের বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজ আরেকজন নারী যার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি।
তিনি বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে তাদের কাছে নৌকাডুবির খবর আসে। ৭টা ৫৫ মিনিটে রওনা হন উদ্ধার কর্মীরা। চার জন ডুবুরি অভিযানে আছেন তবে তাদের সন্ধান মেনেনি। তিনি বলেন, পদ্মার ওপার থেকে মিজানের মোড় বালুর ঘাটে আসছিল খড় বোঝাই নৌকাটি। তাতে ২০ জন আরোহী ছিলেন। প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে ১৬ আরোহী সাঁতরে পাড়ে ফিরলেও চার জন তলিয়ে যান। এদিকে, উদ্ধার অভিযান চলাকালে একই এলাকায় তিন জন আরোহী নিয়ে ডুবে যায় ঘাস বোঝায় আরেকটি নৌকা। ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করেন।
