জেলা পরিষদ নির্বাচনে রাজশাহীসহ ১৬ জেলায় আ’লীগের টিকিট পেলেন যারা
আরা ডেস্ক : জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে ৬১ জেলার আওয়ামী লীগের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এর মধ্যে রাজশাহী বিভাগের আট জেলায় আওয়ামী লীগের প্রার্থী হলেন, রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, চাঁপাইনবাবগঞ্জে রুহুল আমিন, নাটোরে সাজেদুর রহমান খাঁন, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বি, বগুড়ায় মকবুল হোসেন, জয়পুরহাটে খাজা সামছুল আলম, সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস ও পাবনায় আ.স.ম. আব্দুর রহিম পাকন।
অপরদিকে, রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় আবু তোয়বুর রহমান, ঠাকুরগাঁও জেলায় সাদেক কুরাইশী, দিনাজপুর জেলায় আজিজুল ইমাম চৌধুরী, নীলফামারীতে মমতাজুল হক, লালমনিরহাটে মতিয়ার রহমান, রংপুরে ইলিয়াস আহমেদ, কুড়িগ্রামে জাফর আলী এবং গাইবান্ধা জেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবু বকর সিদ্দিক। গত ২৩ আগস্ট নির্বাচন কমিশন রাজশাহীসহ ৬১ জেলা পরিষদ ভোটের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।
