সিরাজগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৯ জন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চকোশি ইউনিয়নের মাটিকোড়া এলাকায় বজ্রপাতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। এ তথ্য নিশ্চিত করেছেন মাটিকোড়া ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল আলম ফিরোজ। চেয়ারম্যান বলেন, কৃষি শ্রমিকরা মাঠে কাজ করার সময় বজ্রপাত হয়। বজ্রপাতে শিশুসহ ৯ কৃষি শ্রমিক নিহত হয়েছেন।-এফএনএস
নিহতরা হলেন- পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শাহ আলম (৪০), একই গ্রামের বাহাদুর হোসেনের ছেলে আবদুল কুদ্দুস (৬০), মোস্তফার মেয়ে রিতু খাতুন (১৪) উপজেলার সদরের শিবপুর গ্রামের ইমাম প্রামাণিকের ছেলে মোবাখর হোসেন (৪০), একই এলাকার মোকাম হোসেনের ছেলে মনাফ হোসেন (১৮), ছবের আলীর ছেলে শমসের আলী (৬০), তার ছেলে শাহিন (২১) ও বড় ভাই আফসার আলী (৬৩) এবং নুরনবীর মেয়ে জান্নাতি (১২)। এ ঘটনায় আহত ৮ জনকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লাপাড়া মডেল থানা পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, কয়েকজন শ্রমিক মাটিকোড়া এলাকার একটি জমিতে রোপা আমন ধানের চারা তুলছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। পরে বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৫ জন নিহত হন। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
