জমি লিখে না দেওয়ায় মাকে পেটালো ছেলে!
আককাস আলী : নওগাঁর নিয়ামতপুরে ছেলেকে জমি লিখে না দেওয়ায় মাকে পেটানোর অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ গ্রামে। ওই ঘটনায় মা রাশিদা বেগম (৫৬) বাদী হয়ে ছেলে সাইদুর রহমান (৪০) ও ছেলের স্ত্রী নুরেকা (৩৫) এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। রাশিদা বেগম বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ গ্রামের মৃত নাজিমুদ্দিনের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাশিদা বেগমের ছেলে সাইদুর নেশাগ্রস্ত অবস্থায় মায়ের কাছ জমি লিখে নেওয়ার জন্য চাপ দেয়। জমি লিখে না দেওয়ায় ছেলে ও ছেলের স্ত্রী মিলে মারধর করে রাশিদা বেগমকে। ২৯ আগস্ট রাশিদা বেগমের গরু বিক্রি করে করে টাকা দিতে ছেলে। বিক্রি করতে অস্বীকার করলে আবারও মারধরের স্বীকার হন ওই নারী। প্রান ভয়ে প্রতিবেশী সেফাত উদ্দিনের বাসায় আশ্রয় নেয়। ওই নারীর অনুপস্থিতিতে ওই নারীর ছেলে তার গরু বিক্রি করে দেয়। খবর পেয়ে বাড়িতে এসে প্রতিবাদ করলে আবারও মারধরের স্বীকার হন ওই নারী। ভুক্তভোগী ওই নারী রাশিদা বেগম বলেন, আমার ছেলে ও ছেলের স্ত্রী মিলে জমি লিখে নেওয়ার জন্য চাপ দিলে লিখে না দেওয়ায় তারা দু’জনে মিলে এখন পর্যন্ত ৪ বার মারধর করেছে। আমার পোষা গরুটিও বিক্রি করে দিয়েছে। আমি এখন প্রাণের ভয়ে রয়েছি। ছেলে সাইদুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান গত তিন দিন থেকে তাদের দেখা যাচ্ছে না। নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
