সার সংকট প্রকট হচ্ছে কৃষিভান্ডার বরেন্দ্র অঞ্চলে
ক্রমেই সার সংকট প্রকট হচ্ছে বরেন্দ্র অঞ্চল খ্যাত রাজশাহী-নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জে। এতে একদিকে যেমন আসন্ন মৌসুমে কৃষিভান্ডার বরেন্দ্র অঞ্চলে উৎপাদন ব্যাহত হতে পারে অপরদিকে কৃষকদের মাঝে সার সংকট নিয়ে চরম হতাশা বিরাজ করছে।-স্টাফ রিপোর্টার
আমাদের তানোর প্রতিনিধি জানান, বরেন্দ্র অঞ্চল খ্যাত রাজশাহীর তানোর এলাকার বিএডিসি’র একশ্রেণীর সার ডিলারের বিরুদ্ধে অধিক মুনাফার আশায় হাতেগোনা দু’একজন মৌসুমি আলু চাষিদের কাছে কালোবাজারে সার বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, এতে প্রান্তিক কৃষকেরা কোনো সার পাচ্ছেন না। একই সঙ্গে অতিরিক্ত দামে সার কিনলেও সারের সঙ্গে কীটনাশক কিনতে বাধ্য করা হচ্ছে, কিটনাশক না নিলে সার দেয়া হচ্ছে না। এসব ঘটনায় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। আবার কৃষি বিভাগের প্রশ্নবিদ্ধ ভুমিকায় সাধারণ কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, কৃষি বিভাগের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে তিনি দীর্ঘদিন ধরে তারা এসব অপকর্ম করে আসছেন। গোল্লাপাড়া গ্রামের কৃষক রুস্তম আলী ও আব্দুস ছালাম বলেন, সম্প্রতি গোল্লাপাড়া বাজারের মেসার্স ইসলাম ট্রেডার্সে সার নামার খবর পেয়ে, তারা বৃহস্পতিবার সার কিনতে গেলে পরদিন শুক্রবার আসতে বলেন, তারা পর শুক্রবার সকালে সার নিতে গিয়ে দেখেন দোকান খোলেনি, বিকালে দোকান খোলেন,তবে এক ছটাক সার দিতে পারেনি। সিধাইড় গ্রামের কৃষক আলামিন বলেন, সোয়েব ট্রেডার্সে দ্বিগুন দামে সার বিক্রি করা হচ্ছে, তবে প্রয়োজন না থাকলেও সারের সঙ্গে অতিরিক্ত দামে কীটনাশক কিনতে বাধ্য করছে শুধু সার বিক্রি করা হচ্ছে না। আমশো গ্রামের কৃষক জামিল বলেন, গত বুধবার রাতে মেসার্স নাসির ট্রেডার্সে ১০০ বস্তা টিএসপি সার নামানো হয়।
কিন্তু পরের দিন তিনি সার কিনতে গেলে তাকে জানানো হয় সার বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, এসব সার সিন্ডিকেট করে দু’একজন ব্যক্তির কাছে বেশী বিক্রি করা হচ্ছে সেটা সার বিক্রির রশিদ পরীক্ষা করলেই জানা যাবে। আবার সার সঙ্কটের কথা বলা হলেও বেশী দাম দিলেই সার মিলছে। তবে বেশী দাম নিলেও ক্রয় রশিদে সরকার নির্ধারিত দাম লেখা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মেসার্স ইসলাম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মাইনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আসলে সারের সংকট, কৃষকদের চাহিদামত সার দেয়া যাচ্ছে না, তাই তারা মনে করছে সার বাইরে বিক্রি করে দেয়া হচ্ছে। এ বিষয়ে উপজেলা বিএডিসি সার-বীজ ডিলার সমিতির সভাপতি জাকির হোসেন জুয়েল বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন।তিনি বলেন, সারের কিছুটা সংকট থাকায় হয়তো বা কেউ বাইরে থেকে বেশী কিনে এনে বিক্রি করতে পারেন, তবে ডিলারগণ বেশী দাম নিচ্ছেন না। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আমাদের শিবগঞ্জ থেকে প্রতিনিধি জানান, শিবগঞ্জে রাসায়নিক সার নিয়ে সিন্ডিকেটের চালবাজিতে কৃষক ও আমচাষীরা চরম হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে ডিলাররা বলছেন- আমাদের নিকট যা সরকারীভাবে সরবরাহ হচ্ছে, তাই কৃষকদের মাঝে সরকারী মূল্যে বিক্রি করছি। অন্যদিকে কৃষকদের অভিযোগ- পটাশ সার নিয়ে তাদের সাথে ছলচাতুরী করা হচ্ছে। উপজেলা বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে- কৃষকরা ডিলারদের কাছে পটাশসহ অন্যান্য সার চাহিদা মত না পাওয়ায় এখানে ওখানে ছুটাছুটি করছে। খোলা বাজারে পটাশ সার কিনতে গিয়ে ১৫শ‘ টাকা হতে ১৮‘শ টাকা পর্যন্ত দাম নিচ্ছে। বাধ্য হয়ে আমাদের কিনতে হচ্ছে। কারণ আমের গাছে সার দেয়ার এখনই উপাযুক্ত সময়। কিছুদিন পর আর সার প্রয়োগ করা যাবে না। সরকারী রেট অনুযায়ী ইউরিয়ার বস্তা প্রতি ১১‘শ টাকা, ডিএপি বস্তা প্রতি ৮‘শ টাকা, পটাশ বস্তাপ্রতি ৭৫০ টাকা, টিএসপি বস্তা প্রতি ১১‘শ টাকা। কিন্তু ডিলারগণ কৃষকদের বাধ্য করছে ৩ বস্তা ডিএপির কেনার পর ১ বস্তা পটাশ দিচ্ছে। কোন কোন ডিলার মাত্র ৫-১০ কেজি পটাশ দিচ্ছে। সূত্র বলছে- ডিলাররা গোপনে খোলা বাজারের দোকানদারদের নিকট বেশী দামে পটাশ বিক্রি করছে। দোকানদাররা আবার সে পটাশ সার কৃষকের কাছে বস্তা প্রতি ১৭-১৮‘শ টাকা বিক্রি করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক রানীনগরের এক কৃষক জানান, গ্রামের দোকানদার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ডিলারের নিকট হতে পটাশ সার ১৩-১৪’শ টাকায় কিনে এনে আমার কাছে নিয়েছে ১৮‘শ টাকা। অন্যদিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নে ডিলার কৃষকদেরকে মাত্র ৫-১০ কেজি করে পটাশ সার দিচ্ছে। তারা বলছেন, সরবরাহ কম থাকায় চাহিদা মত পটাশ সার দিতে পারছি না।
একই অভিযোগ উপজেলার বিভিন্ন স্থানের প্রায় শতাধিক কৃষকের। সরজমিনে দেখা গেছে- ডিলারদের আড়তের সামনে কৃষকরা পটাশ সারের জন্য কৃষকরা সারিবদ্ধভাবে প্রখর রৌদ্রে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ডিলারদের লোকজন কৃষকদের নিকট হতে আইডি কার্ড ও মোবাইল ফোন নম্বর নিয়ে সর্বোচ্চ ২৫ কেজি পটাশ সার দিচ্ছে। কৃষি বিভাগের লোকজন তদারকি করছে। কৃষকও ডিলারের লোকজন কথাকাটাকাটি করছে। এর ফাঁকে এক শ্রেণীর লোকজন সরকারের ভাবমর্তি নষ্ট করতে নানা মুখি কথা বলে কৃষকদের উত্ত্যক্ত করার চেষ্টা করছে। কৃষি বিভাগের লোকজন বলছেন- আমরা শুধু দর তদারকি করছি। অন্যদিকে কৃষকদের অভিযোগ- কৃষি বিভাগের লোকজন না আসা পর্যন্ত আমাদের সার না দিয়ে চরম ভাবে হয়রানী করছে। অভিযোগ উঠেছে সরকারী ডিলারই নয় খোলাবাজারের দোকানদাররাও বিভিন্ন কোম্পানীর সার নিতে বাধ্য করছে। যান গুণগত মান অনেক কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শিবগঞ্জ উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিকুর ইসলাম জানান, উপজেলায় ১৫টি ইউনিয়নে ১৫ জন, ১টি পৌরসভায় ১ জন ও ৫ জন বিএডিসির ২১ জন ডিলার নিয়োগ দেয়া আছে। যারা প্রতিটি আড়তে সরকারী মূল্যে তালিকা ঝুলিয়ে রাখাসহ সব ধরনের সরকারী নিয়ম মেনে চলতে বাধ্য। তিনি আরো বলেন, সার নিয়ে কোন চালবাজি চলে না। এক শ্রেণীর লোক গুজন ছড়িয়ে বেড়াচ্ছে। তবে পটাশের ক্ষেত্রে কিছুটা সংকট দেখা দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সরবরাহ বেড়ে কৃষকদের চাহিদা মত সব ধরনের সার দেয়া হবে।
আমাদের গোমস্তাপুর সংবাদদাতা জানান, বর্তমানে আমন ধান রোপনের মৌসুম চলছে। কৃষকগণ ব্যস্ত সে কাজে। কিন্তু সারের সংকট থাকায় চাষীরা পড়েছে বিপাকে। একই অবস্থা আম চাষীদেরও। সার সংকটের কারণে আম চাষীরাও আমের পরিচর্যা করতে পারছে না। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চিত্র এটি।
রহনপুরে পৌর এলাকার কৃষক আহসান হাবীব অভিযোগের সূরে বলেন, গত ৭/৮ দিন ধরে সার ক্রয়ের জন্য সারের ডিলার ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিবের সাথে যোগাযোগ করেও সার পায়নি। ফলে আমার ৭ বিঘা জমির ধান চাষে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। একই অভিযোগ করেছেন কৃষক সাকিল আহমেদ। তিনি বলেন,আমার ১০ বিঘা জমির জন্য সার কিনতে ডিলারের কাছে গেলে পটাশ সার ৮০০ টাকার স্থলে ১০২০ টাকা চাওয়ায় ক্রয় করিনি। কৃষি অফিসে যোগাযোগ করেছি। তেমন সাড়া পাইনি।
বংপুর এলাকার কৃষক আরিফ আলী বলেন, ২৬ বিঘা জমিতে আমন ধান চাষ করে বেকায়দায় রয়েছি। পটাশ সারের প্রয়োজন অথচ কোথাও পাচ্ছি না। একেকজন একেক কথা বলছে। উপরোক্ত কৃষকদের সাথে যোগাযোগের সময় তাদের কাছে প্রশ্ন ছিলো আপনারা সার পাচ্ছেন না? তার জন্য উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেছেন কি? জবাবে তারা বলেন, আমরা ইতিমধ্যেই উপ-সহকারী কৃষি কর্মকর্তা গানিউল ও আব্দুর রাকিবের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছেন,এখন সারের সংকট রয়েছে। সার আসলে সমস্যার সমাধান করা হবে। সবার জাতীয় পরিচয়পত্র নিয়েছে। এদিকে বেশকিছু সারের দোকান পরিদর্শন করে দেখা যায়, কিছুকিছু দোকানে সার রয়েছে। অথচ নির্ধারিত মূল্যের চাইতে বেশী দামে বিক্রি করা হচ্ছে। প্রতিবাদ করলে কোন ফল পাওয়া যাচ্ছে না। সার ডিলাররা বলেন গোমস্তাপুর কৃষি অফিস থেকে স্লিপ আনলে নায্য মূল্যে সার দেয়া হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার জানান, গোমস্তাপুর উপজেলায় ইউরিয়া সারের কোন সংকট নেই। তবে ডিএপি ও পটাশের কিছুটা সংকট রয়েছে। সেটাও অল্প কয়েকদিনের মধ্যেই কেটে যাবে। চলতি মাসে ইউরিয়া সারের বরাদ্দ ছিলো ১২’শ মে.টন, উত্তোলিত হয়েছে ১১’শ ৪৫ মে.টন। পটাশ বরাদ্দ ১৮৫ মে. টন , উত্তোলন করা হয়েছে ১৪৬.৪ মে. টন। তিনি আরও জানান ইউরিয়া ও ডিএপি সার জমিতে একটু দেরিতে হলেও প্রয়োগ করা যায়। কিন্তু পটাশ সারটি নির্দিষ্ট সময়েই দেয়া দরকার। যদি কোন কৃষকের সার পেতে সমস্যা হয় তবে সেই কৃষককে তিনি কৃষি অফিসে যোগাযোগ করতে বলেন।
