রাজশাহী নগরীতে‘ওএমএস’র চাল-আটা বিক্রিতে অনিয়ম
শাহানুর রহমান রানা : বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের তান্ডবের পর অর্থনৈতিক স্থিতিশীলতা কিছুটা লাগামের মধ্যে এলেও পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও অর্থনৈতিক পরিমন্ডলে ধাক্কা লাগে। যার কারণে তেল ও বিদ্যুতের পাশাপাশি খাদ্য সামগ্রীর দামও বৃদ্ধি পেতে থাকে হুহু করে। আর এই পরিস্থিতির বেড়াঝালে চরমভাবে পতিত হন দেশের নিম্নবিত্ত ও দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা মানুষজন। বাংলাদেশ সরকার উচ্চ মূল্যের এই বাজার থেকে দেশের নিম্নবিত্ত ও গরিব অসহায় মানুষদের জন্য টিসিবি’র মাধ্যমে কম দামে চাল, ডাল, তেল ও আটা বিতরণ করার বেশকিছু কর্মসূচি হাতে নেয়। বর্তমান নিম্নবিত্ত ও গরিব মানুষদের নিত্যপণ্যের প্রাত্যহিক চাহিদা পূরণকল্পে বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর পরিচালিত দেশের বিভিন্ন অঞ্চলে ‘ওএমএস’ (ওপেন মার্কেট সেলস্) ট্রাক ডিলারের মাধ্যমে চাল ও আটা বিক্রি শুরু করেছে। উক্ত সেলস্ পয়েন্ট থেকে সাধারণ ক্রেতারা চাল পাচ্ছেন প্রতি কেজি ৩০ টাকা, আর আটা পাচ্ছেন ১৮ টাকা কেজি দরে।
বর্তমানে খোলা বাজারে চাউল সর্বনিম্ন বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে। আর আটা বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। উচ্চ মূল্যের এই বাজারে নিম্নবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে অনেক আগেই। বাংলাদেশ সরকারের মানবিক চিন্তাভাবনার ফলশ্রুতিতে নিম্নবিত্তদের জন্য ‘ওএমএস’ (ওপেন মার্কেট সেলস্) প্রকল্প যথেষ্ট সহায়ক হলেও ডিলারদের অতিমুনাফা লাভের অনৈতিক চিন্তাভাবনা আর অমানবিক কার্যকলাপের প্রেক্ষিতে সরকারের সেই মানবিক সিদ্ধান্ত আজ অনেকটাই প্রশ্নবিদ্ধের সম্মুখিন হচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও হয়েছে একাধিকবার। সেই অনিয়মের ধারাবাহিকতায় এবার রাজশাহীর একাধিক স্থানের ‘ওএমএস’ ডিলার পয়েন্টগুলোর নামও উঠছে ভুক্তভোগিদের দেয়া অভিযোগের কারণে। সরেজমিনে গিয়ে সেই অভিযোগের সত্যতাও পাওয়া গেছে বেশকিছু সেলস্ পয়েন্টে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ‘জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. দিলদার মাহমুদ জরুরি একটি মিটিংয়ে থাকায় উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে, সেখানে কর্মরতদের দেয়া তথ্য মতে, রাজশাহীতে মোট ৩৪ জন ডিলারকে দেয়া হচ্ছে সরকারি চাল ও আটা। এরমধ্যে প্রতিদিন ১৯টি পয়েন্টে কম মূল্যে বিক্রি করা হচ্ছে চাল ও আটা। প্রতিদিন ১৯ জন ডিলারকে দেয়া হচ্ছে এক হাজার কেজি চাল ও ৫০০ কেজি আটা। কিন্তু সরকার কর্তৃক সরবরাহকৃত সেই চাল ও আটার পঞ্চাশ শতাংশই অবিক্রিত থেকে যাওয়া চরম ভোগান্তি আর কষ্ট নিয়ে চলছে নিম্নবিত্তদের পরিবার বলে জানান ভুক্তভোগিরা।
গতকাল নগরীর বেশ কয়েকটি ডিলার সেলস্ পয়েন্টে গিয়ে ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, কমমূল্যে নিত্যপণ্য কেনার জন্য অনেকেই ডিলার পয়েন্টে উপস্থিত হন ফজরের আযানের সময়। শালবাগান এলাকার সাবিনা, ছোটবনগ্রামের সুমি ও বহরমপুর এলাকার নাজমুন নেছা জানান, তারা এখানে এসেছেন ফজরের আযানেরও অনেক আগে। ডিলার পয়েন্টগুলোতে নিয়মানুযায়ী সকাল নয়টা থেকে বিক্রি শুরু হবার কথা থাকলেও বিক্রি শুরু হয় একঘন্টা দেরিতে। কিন্তু তারপরেও এতো তাড়াতাড়ি কেনো এখানে আসা প্রশ্নের জবাবে ক্রেতারা জানান, ‘এতো সকালে না আসলে চাল-আটা পাওয়া অসম্ভব হয়ে পড়ে। কারণ, ডিলারের লোকজন বারোটা বাজার সাথে সাথেই বিক্রি বন্ধ করে দেয়। উপস্থিত ক্রেতাদের অনেকেই কোন কিছু কিনতে না পেরে খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, এখানেও চলে চরম স্বজনপ্রীতি। চেনা জানা মানুষদেরকে তারা আগে পণ্য দেন। তারপর সাধারণ মানুষদেরকে দেয়া হয় পণ্য। দিনের পর দিন পণ্য না পেয়ে অনেকেই এখন রাগ করে আসেন না বলেও জানান উপস্থিত ক্রেতারা। তপ্ত গরমে শিশু বাচ্চা কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে অনেককেই ফিরতে হয় খালি হাতে। কোন কোন সেলস্ পয়েন্টে গিয়ে দেখাগেছে, মহিলা ও পুরুষ মিলে সর্বোচ্চ উপস্থিত ক্রেতাদের মধ্যে মাত্র আশি থেকে একশ জনকে দেয়া হয় ওএমএস’র চাল ও আটা। কিন্তু পাঁচশ কেজি আটা সঠিকভাবে বিক্রি করলে ক্রেতার সঠিক হিসেবে দাঁড়ায় ১৬৬ জন। অন্যদিকে, সরবরাহকৃত চাল বিক্রি করার কথা দুইশ জন ক্রেতার কাছে। কিন্তু সেই হিসেবকে ছাপিয়ে সর্বোচ্চ অর্ধেক ক্রেতার কাছে বিক্রি করা হচ্ছে ‘ওএমএস’র পণ্য বলে অভিযোগ ক্রেতাদের। কিছুক্ষণ বিক্রয় করার পর ডিলারের দায়িত্বরত লোকজন উপস্থিত ক্রেতাদেরকে বলেন, আজকের মতো চাল-আটা শেষ। প্রায় প্রতিদিনই ঘটে এমন ঘটনা বলে জানান ভুক্তভোগিরা।
আগত অধিকাংশ ক্রেতারা অভিযোগ করে আরো বলেন, ডিলারের লোকজন ইচ্ছে করেই চাল-আটা কম করে নিয়ে আসে ডিলার পয়েন্টে। সরকার থেকে প্রতিদিন যে পরিমাণ সরবরাহ করা হয় তা যদি সেলস্ পয়েন্টে তারা আনতো তবে আগত সকল ক্রেতাই নির্দিষ্ট পরিমাণ চাল-আটা ক্রয় করে বাসায় ফিরতে পারতো। কিন্তু ডিলারদের চাতুরিপনার কারণে অনেকেই খালি হাতে বাসায় ফেরত যেতে বাধ্য হন বলে অভিযোগ ভুক্তভোগিদের। অবিক্রিত মজুদ থাকা চাল ও আটা অসাধু ডিলারগণ বিভিন্ন দোকানে উচ্চমূল্যে বিক্রি করে বলে তারা নামমাত্র পরিমাণে চাল-আটার উপস্থিত দেখায় আগত ক্রেতাদেরকে বলে জানান ভুক্তভোগি ক্রেতারা।
এবিষয়ে ছোটবনগ্রাম স্কুল মোড় এলাকার ডিলার ইখতিয়ার উদ্দিন প্রতিবেদককে জানান, বিক্রির সময় কোন প্রকার স্বজনপ্রীতি করা হয়না। তবে, কখনো কখনো কাউন্সিলর, সাংবাদিক ও দলীয় নেতাদের পরিচয়ে কেউ কেউ আসলে তাদেরকে যতসামান্য অগ্রাধিকার দেয়া হয়। কেউ ফেরত যায়না বলেও তিনি জানান। কিন্তু ভুক্তভোগীদের দেয়া তথ্যমতে, অসাধু ডিলাররা সর্বদাই অনিয়মের আশ্রয় নেন। বিক্রির হিসেব নিকেশ কাগজ কলমে ঠিক থাকলেও বাস্তবে সেটির লেসমাত্রও নেই অনেক ডিলার পয়েন্টে। অবিক্রিত ও মজুদ থাকা পণ্যগুলো উচ্চমূল্যে বিক্রি করে অসাধু ডিলারগণ হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা বলে অভিযোগ অনেকের। সুষ্ঠু বন্টন ও প্রকৃত ক্রেতাদের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট হর্তাকর্তাগণকে সরেজমিনে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান ভুক্তভোগিরা।
