১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সরকারি অফিস সকাল ৮টা-৩টা, শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২, ১২:৩০ অপরাহ্ণ | বিভাগ: lead
গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সরকারি অফিস সকাল ৮টা-৩টা, শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন
বিজ্ঞাপন

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় বিদ্যুৎ ব্যবহার হ্রাস ও যানজট লাঘবের লক্ষ্যে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত এবং ব্যাংকের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুনঃনির্ধারন করা হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন। মন্ত্রিপরিষদের সদস্যরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে সভায় যোগ দেন। সভার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, অফিসের এই নতুন সময়সূচি আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে একটি সার্কুলার ইস্যু করবে উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে। সভায় আগামী ১০ থেকে ১৫ দিন পল্লী এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে যাতে সেচ কাজ বিঘ্নিত না হয়। আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সরকারি অফিস কক্ষের জানালা থেকে পর্দা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে, যাতে করে প্রাকৃতিক আলো ঢুকতে পারে। পাশাপাশি এয়ার কন্ডিশনার যতটা সম্ভব কম ব্যবহার করতে নির্দেশ দিয়েছে, যাতে করে বিদ্যুতের ব্যবহার কম হয়। তিনি আরো বলেন, সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকগুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেন। মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটি ২ দিন করার সিদ্ধান্ত বিদ্যুৎ সাশ্রয় এবং যানজট লাঘবে সহায়ক হবে।

প্রজ্ঞাপন জারি: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকার ২৪ আগস্ট (আগামীকাল বুধবার) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারণ করবে। এছাড়াও ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। উল্লেখ্য, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন