১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গার্ডারচাপায় মৃত্যুর ঘটনায় ক্রেনচালক-হেলপারসহ ১০ জন রিমান্ডে

প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ১২:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
গার্ডারচাপায় মৃত্যুর ঘটনায় ক্রেনচালক-হেলপারসহ ১০ জন রিমান্ডে
বিজ্ঞাপন

এফএনএস : রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারচাপায় প্রাইভেট কারের পাঁচ আরোহীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১০ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ রিমান্ডের এ আদেশ দেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসীন গাজী আসামিদের আদালতে হাজির করেন। এ সময় ক্রেনচালক আল-আমিন, তার সহকারী (যিনি ক্রেন চালাচ্ছিলেন) রাকিব ও ঠিকাদার প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহের ১০ দিন ও অন্য আসামিদের সাতদিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক প্রথম তিনজনের চার দিন ও বাকি সাতজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। দুদিনের রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- দুর্ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিক ম্যান রুবেল ও মো. আফরোজ মিয়া, প্রকল্পের ভারি যন্ত্রপাতি সরবরাহের ওয়ার্ক অর্ডার পাওয়া প্রতিষ্ঠান ইফসকনের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেন ও হেড অব অপারেশন্স আজহারুল ইসলাম মিঠু, থার্ড পার্টি হিসেবে ক্রেন সরবরাহ করা বিল্ড ট্রেড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির প্রকিউরমেন্ট অফিসার মো. মঞ্জুরুল ইসলাম। ঢাকার সিএমএম আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী এসব তথ্য জানিয়েছেন। গত ১৭ আগস্ট রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে এ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গত ১৫ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার সরানোর সময় তা ক্রেন থেকে ছিটকে পড়ে প্রাইভেট কারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হন। তারা হলেন- মো. রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬), জাকিয়া (২) ও ফাইজ। ভাগ্যক্রমে বেঁচে যান ওই গাড়িতে থাকা নববিবাহিত দম্পতি হৃদয় ও রিয়া। সেদিন রাতেই নিহত ফাহিমা আক্তার ও ঝর্ণা আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটায় ক্রেনের চালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাত ব্যক্তিদের মামলায় আসামি করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন