১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘শেখ হাসিনা-শেখ রেহানাকে হত্যার ষড়যন্ত্র করেছিল খুনিরা’

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ১০:৪৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
‘শেখ হাসিনা-শেখ রেহানাকে হত্যার ষড়যন্ত্র করেছিল খুনিরা’
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যেসব খুনিরা ছিল, তারা বিদেশেও শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। কিন্তু তখন তারা যে দেশে ছিলেন, সে দেশের সরকার তা প্রতিহত করে। জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এমন মন্তব্য করেন তিনি। গওহর রিজভী বলেন, ‘জাতির পিতাকে হত্যার ষড়যন্ত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে মুক্তিযুদ্ধের সময় থেকেই শুরু হয়েছিল। কোনও কোনওটি ছিল ব্যক্তি বিশেষের ষড়যন্ত্র, কোনওটির পেছনে ছিল সম্মিলিত পরিকল্পনা ও উদ্যোগ।-এফএনএস

বঙ্গবন্ধুকে বন্দি করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল তাকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য নয়।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু একটি প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ও বাঙালি জাতীয়তাবাদভিত্তিক বাংলাদেশের গোড়াপত্তন করেছিলেন। তাঁকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীনতার পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়াই ছিল খুনিদের চূড়ান্ত লক্ষ্য। এসবের পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। যথাযথ সময়ে সেসব প্রকাশ করা হবে।’ যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম গত সোমবার রয়্যাল বা’রা অব কেনজিংটনের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন এশিয়া ও প্যাসিফিক বিষয়ক শ্যাডো মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এমপি এবং অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশের ভাইস চেয়ার লর্ড শেখ। আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গঠিত স্টুডেন্ট অ্যাকশন কমিটির অন্যতম সদস্য সৈয়দ মোজাম্মেল আলী।

বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তার স্মারক বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে তাঁর অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র ছিল পূর্বপরিকল্পিত। এই নৃশংস হত্যাকাণ্ড মানব ইতিহাসের নজিরবিহীন বর্বরতার ঘটনা এবং আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। এটি আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং এবং জন এফ কেনেডির মতো অন্যান্য সমসাময়িক নেতাদের রাজনৈতিক হত্যাকাণ্ড থেকে সম্পূর্ণ আলাদা।’ হাইকমিশনার বলেন, ‘হত্যাকারীরা জাতির পিতাকে স্তব্ধ করার চেষ্টা করলেও বঙ্গবন্ধু বেঁচে আছেন কোটি কোটি বাঙালির হৃদয়ে। আর আজ বঙ্গবন্ধুর স্বনির্ভর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁরই সাহসী, প্রগতিশীল ও দূরদর্শী কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার রূপকল্প ২০৪১-এর অধীনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে উন্নীত হয়েছে এবং একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও চালু করে আত্মনির্ভরশীলতার একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। দেশের প্রথম মেট্রো রেল এবং প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর আত্মনির্ভরশীলতার পথে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।’ ১৯৭২ সালে বঙ্গবন্ধু যুক্তরাজ্যের সঙ্গে প্রগতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও অর্ন্তভূক্তিমূলক কূটনৈতিক সম্পর্কের ভিত্তি স্থাপন করে গেছেন বলেন উল্লেখ করেন হাইকমিশনার। তিনি বলেন, ‘সেই সম্পর্কের ভিত্তিতেই আজ যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। ইউরোপের মধ্যে বৃহত্তম রেমিট্যান্স প্রেরণকারী দেশ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় অংশীদার।

’ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের একটি বার্তা পাঠ করে শোনানো হয়। বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমারের একটি ভিডিও বার্তা এবং বঙ্গবন্ধুকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। আমন্ত্রিত অতিথতি এবং মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন হাইকমিশনার। পরে তিনি অতিথিদের নিয়ে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের স্মারক প্রকাশনা ‘বঙ্গবন্ধু-দ্য ফ্রেন্ড অব বেঙ্গল’-এর মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ঊর্মি মাজহার এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের কাউন্সিলর (পলিটিক্স) দেওয়ান মাহমুদুল হক বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের শহীদদের প্রতি নিবেদিত বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণের লেখা ‘সেই রাত্রির কল্পকাহিনী’ কবিতা আবৃত্তি করেন। সকালে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম হাইকমিশন প্রাঙ্গণে মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরে জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতির পিতা এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন