১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ফ্যামিলি কার্ড না পাওয়াদের ৮০ ভাগই বাদ পড়েছে দুর্নীতির কারণে

প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ১০:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ফ্যামিলি কার্ড না পাওয়াদের ৮০ ভাগই বাদ পড়েছে দুর্নীতির কারণে
বিজ্ঞাপন

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ড যারা পাননি তাদের ৮০.৪ শতাংশই অনিয়ম-দুর্নীতির কারণে বাদ পড়েছেন। তাদের মধ্যে ৩৪.৪ শতাংশ নারী ও ৩১.৪ শতাংশ পুরুষ। এ ছাড়া যারা এরইমধ্যে দুই হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পেয়েছিলেন তাদের ৩৯.৫ শতাংশ ফ্যামিলি কার্ড পাননি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থার গবেষক মোহাম্মদ নূরে আলম মিন্টু। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ঢাকা ও বরিশালকে বাদ দিয়ে ৩৫টি জেলায় চালানো গবেষণার ভিত্তিতে। পাঁচ সদস্যের গবেষক দলসহ সংগঠনটির অন্য সদস্যরা এ গবেষণায় অংশ নেন। প্রতিবেদন উপস্থাপনের সময় নূরে আলম মিন্টু বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনাকালে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থসহায়তা দেওয়ার জন্য ৫০ লাখ পরিবারের একটি তালিকা করা হয়েছিল। প্রাথমিক তালিকায় পেনশনার, সরকারি চাকরিজীবী, স্থানীয় জনপ্রতিনিধিদের নাম থাকায় তা নিয়ে বিতর্ক দেখা দিলে যাচাই-বাছাই শেষে ৩৫ লাখ পরিবারকে নগদ সহায়তা দেওয়া হয়। পরে সড়ক পরিবহন, নৌ-পরিবহন শ্রমিক, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আরও সাড়ে তিন লাখ মানুষকে নগদ সহায়তা দেয় সরকার। রমজানে যে এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যসহায়তা দেওয়ার কথা ছিল, তাদের মধ্যে নতুন সাড়ে ৩৮ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এ গবেষণার জরিপে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারী উত্তরদাতাদের মধ্যে যারা এরইমধ্যে দুই হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পেয়েছিলেন তাদের ৩৯.৫ শতাংশ ফ্যামিলি কার্ড পাননি। যারা কার্ড পাননি তাদের ৮০.৪ শতাংশকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। ৫.৫ শতাংশ স্বেচ্ছায় কার্ড নেননি। জরিপে দেখা যায়, নারী উত্তরদাতাদের ৩৪.৪ শতাংশ ও পুরুষ উত্তরদাতাদের ৩১.৪ শতাংশ অনিয়ম-দুর্নীতির কারণে ফ্যামিলি কার্ড এর তালিকা থেকে বাদ পড়েছেন। তিনি বলেন, জরিপে ফ্যামিলি কার্ড না পাওয়া উত্তরদাতাদের মতে কার্ড না পাওয়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে তালিকাভুক্তির ক্ষেত্রে স্বচ্ছতার ঘাটতি বা তথ্য প্রচারে ঘাটতি। নগদ সহায়তাপ্রাপ্ত সব উপকারভোগীকে যে এ কার্ড পাওয়ার কথা ছিল, এ বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। এমনকি ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কেও তাদের কোনো ধারণা ছিল না। এ ছাড়া তালিকা থেকে বাদ পড়ার অন্যান্য কারণের মধ্যে রয়েছে- কারও সুপারিশ বা তদবির জোগাড় করতে না পারা, রাজনৈতিক বিবেচনায় স্বচ্ছল ব্যক্তিদের তালিকাভুক্তি, একই পরিবারে একাধিক কার্ড দেওয়া, ছবি পরিবর্তন করে তালিকাভুক্ত ব্যক্তিদের কার্ড অন্যান্যের দিয়ে দেওয়া, ঘুষ দিতে না পারা ইত্যাদি।

টিআইবি জানায়, দুই হাজার ৫০০ টাকা নগদ সহায়তাপ্রাপ্ত উপকারভোগীর সব পরিবার এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট একটি দপ্তর থেকে জানানো হয় যে, নগদ সহায়তা কর্মসূচির তালিকা থেকে বিভিন্ন পেশাজীবী (লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, পেশাজীবী ইত্যাদি) আট লাখ ৫০ হাজার পরিবারকে বাদ দিয়ে এ তালিকার ৩০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। কোন বিবেচনায়-প্রক্রিয়ায় এই সাড়ে আট লাখ পরিবারকে বাদ দেওয়া হয়েছে ও বর্তমান অর্থনৈতিক অবস্থা যাচাইপূর্বক তাদের বাদ দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। ফ্যামিলি কার্ড সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও পরিপত্রেও এ ধরনের কোনো নির্দেশনা লক্ষ্য করা যায়নি। একদিকে পুরোনো তালিকা থেকে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার দরিদ্র পরিবারকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন তালিকা প্রণয়নে একই ধরনের পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ব্যবস্থাপনায় দুর্নীতি, অনিয়মের কারণে অনেকে বঞ্চিত হয়েছেন। যারা বঞ্চিত হয়েছে তারাও বলেছেন অনিয়ম-দুর্নীতির কারণেই বঞ্চিত হয়েছেন। এ ক্ষেত্রে নারীরাই বেশি বঞ্চিত হয়েছেন। তালিকা প্রণয়নেই বেশি অনিয়ম হয়েছে। যাদের ফ্যামিলি কার্ড পাওয়ার কথা নয়, তারাও পেয়েছেন। ভবিষ্যতেও দেশের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন