১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘রাখি বন্ধন’ উপলক্ষে হাসিনাকে উপহার পাঠালো ভারত

প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ৩:২১ অপরাহ্ণ | বিভাগ: lead
‘রাখি বন্ধন’ উপলক্ষে হাসিনাকে উপহার পাঠালো ভারত
বিজ্ঞাপন

‘রাখি বন্ধন’ উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার পাঠিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল বুধবার দুপুর ১টার দিকে দুটি প্যাকেটে উপহারগুলো বাংলাদেশের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন বনগাঁ পৌরসভার মেয়র। এ সময় উভয় দেশের জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপহার প্রদানের সময় ভারতের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পে উপস্থিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার মেয়র গোপাল শেঠ।

বাংলাদেশের পক্ষে উপহার গ্রহণ করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। এ সময় ভারত থেকে আসা প্রতিনিধি দলের প্রত্যেককে উপহার প্রদান করা হয় সংসদ সদস্যদের পক্ষ থেকে। উপহার গ্রহণকালে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, ‘রাখি বন্ধন’ উৎসবে আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি আমরাও ভারত থেকে আসা ভারতীয় প্রতিনিধিদেরকে উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তিনি আরও বলেন, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সুসংহত রাখতে উভয় দেশ বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এমন কর্মকাণ্ডের ফলে দুই দেশের মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা করেন।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন