১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর আ’লীগ নেতা কালুর বাড়িতে গুলি বর্ষণ করলো কারা?

প্রকাশিত: ৮ আগস্ট ২০২২, ১২:০৪ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর আ’লীগ নেতা কালুর বাড়িতে গুলি বর্ষণ করলো কারা?
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি ও সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালুর বাড়িতে গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। শনিবার (০৬ জুলাই) দিবাগত রাতে এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। সেগুলোর মধ্যে রয়েছে একটি শর্টগান, পিস্তল ও শতাধিক রাউন্ড গুলি। এসময় দুইজনকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ। আটক দুজন হলেন, প্রাইম ব্যাংকের সাবেক পরিচালক ওয়াহিদ জামিল মুরাদ ও তার ব্যক্তিগত সহকারী জাহিদ আলম সম্রাট। নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত দুইটার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালুর বাড়ীতে তাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনার পরে দুইটি সর্টগান, একটি পিস্তল, তিনটি ম্যগজিন ও শতাধিক রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় সন্ত্রাসীদের বহনের কাজে ব্যবহৃত কালো রং-এর প্রাইভেট কারও জব্দ করা হয়।

আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু দাবি করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া জামিল ওয়াহিদ মুরাদকে তিনি চেনে না। এমনকি মুরাদও আমাকে চেনেন না। আমার বাড়িতে এসে আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লেও তিনি আমাকে কেন হত্যা করতে এসেছিলেন সেটা জানি না। জামিল ওয়াহিদ আমার সঙ্গে কথার বলার সময়ও আমাকে চিনতে পারেননি। পরে আমি পরিচয় দেওয়ামাত্র তিনি আমাকে হত্যার জন্য আবারও গুলি ছুড়েন। সেই গুলি গিয়ে লাগে বাড়ির দরজায়। আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। এদিকে, আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম জানান, ৬ আগস্ট দিনগত রাতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলামের নেতৃত্বে টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। আনুমানিক রাত ১.২০ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর কলের মাধ্যমে গোলাগুলির খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশের ঐ টিম নগরীর রানীবাজারের জনৈক কালুর বাড়ির সামনে উপস্থিত হয়। সেখান হতে পুলিশ আসামিদের ফায়ার করা গুলির খোসা জব্দ করে। স্থানীয়রা জানায়, দুইজন লোক গুলি করে কার নিয়ে পালিয়ে গেছে। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আসামিদের গ্রেফতারে অফিসার ইনচার্জকে থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপনের নির্দেশ দেন।

পরবর্তীতে রাত পৌনে ৩ টায় হোসনীগঞ্জ জাদুঘরের সামনে একটি কালো রংয়ের কার দেখে চেকপোস্ট পার্টি কারটি থামানোর জন্য সংকেত দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা কারের ভিতর থেকে চেকপোস্ট লক্ষ্য করে ১ রাউন্ড গুলি করে দ্রুত গতিতে কারটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সেই কালো রংয়ের কারটিকে খোঁজাখুঁজি শুরু করে ঐ টিম। আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় কালো রংয়ের কারটির অবস্থান জানা যায়। সাইবার ক্রাইম ইউনিটের দেয়া তথ্য মতে, এসআই মো: আবু হায়দার ও তার টিম উপ-শহর এলাকায় কর্ডন ও তল্লাশী শুরু করেন। পরবর্তীতে তারা রাত সাড়ে ৩ টায় রাজশাহী উপ-শহর, ৩ নং সেক্টরের ৪ নং রোডের ১৭৭ নম্বর বাসার গ্রাউন্ড ফ্লোরে কালো রংয়ের কার পার্কিং অবস্থায় দেখতে পায়। গার্ডের মাধ্যমে জানতে পারে কিছুক্ষণ আগে কারের মালিক ও তার সহযোগী কারটি পার্কিং করেছে। পরবর্তীতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ঐ টিম সেই বাড়ির ৪র্থ তলায় প্রবেশ করে আসামি ওয়াহিদ মুরাদ জামিল ওরফে লিংকন ও মো: সজল আলী-কে আটক করে। এরপর বাড়িটি তল্লাশী করে ৩টি ম্যাগজিন, ৩২ রাউন্ড গুলি ও ৬ রাউন্ড গুলির খোসা-সহ ১টি বিদেশী পিস্তল এবং ৯০ রাউন্ড শটগানের গুলি ও ১২ রাউন্ড গুলির খোসা-সহ ১টি শটগান উদ্ধার করে এবং ঘটনার সাথে সম্পৃক্ত প্রাইভেট কারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত জামিল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপশহরের মৃত আ: ওহাবের ছেলে এবং সজল চন্দ্রিমা থানার শিরোইল কলোনীর মো: সামসুল হকের ছেলে।

নিন্দা : রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (২০১৪-২০১৮) সাবেক পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আতিকুর রহমান কালুর বাড়িতে তাকে হত্যার উদ্দেশে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় সন্ত্রসীরা। বিষয়টিতে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি অত্যন্ত উদ্বিগ্ন এবং স্থম্ভিত। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও রাজশাহীর সর্বস্তরের ব্যবসায়ী মহলের পক্ষ হতে এহেন সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে অতিদ্রুত গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিরূদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছে। ভবিষ্যতে কোন ব্যবসায়ীকে যেন এরূপ সন্ত্রাসীর ঘটনার সম্মুখীন হতে না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন