‘এক চীন’ নীতি মেনে চলা বজায় রাখবে বাংলাদেশ : লি জিমিং
এফএনএস : বাংলাদেশ সরকার ও এর জনগণ ‘এক চীন’ নীতি মেনে চলা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যুতে বাংলাদেশ চীনের অবস্থানকে বুঝবে এবং সমর্থন করবে বলেও বিশ্বাস করি। গতকাল বৃস্পতিবার এক বিবৃতিতে এ আশাবাদের কথা জানান লি জিমিং। চীনের চরম আপত্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির গত ২ আগস্ট তাইওয়ান সফরে যান। তার ওই সফর ঘিরেই ওয়াশিংটন-বেইজিং তুমুল উত্তেজনায় জড়িয়েছে। তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়াও শুরু করেছে চীন। মহড়া চালাচ্ছে নৌ ও আকাশপথে। অন্যদিকে, তাইওয়ান জানিয়েছেÑ চীনের চলমান সামরিক মহড়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এ উত্তেজনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সবপক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। লি জিমিং তার বিবৃতিতে বাংলাদেশ ও চীনের সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশ ও চীন ভালো প্রতিবেশী, বিশ্বাসযোগ্য বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার মতো মৌলিক স্বার্থের বিষয়ে উভয় দেশ সবসময় একে অপরকে বোঝে ও সমর্থন করে। ‘এক চীন’ নীতির প্রতি ঢাকার দীর্ঘদিনের প্রতিশ্রুতি এবং তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানের ভূয়সী প্রশংসা করে চীন। ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সরকার ও এর জনগণ ‘এক চীন’ নীতি মেনে চলা বজায় রাখবে এবং তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে বুঝবে এবং সমর্থন করবে। আর এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য চীনের সঙ্গে কাজ করবে’–বিবৃতিতে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
