স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বেলা ১১টায় রুয়েট কেন্দ্রের লোকাল অ্যাডমিশন কমিটির এক সংবাদ সম্মলনে এতথ্য জানান তড়িৎ ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে মোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু অংশ নেবেন। সকাল ১০টায় ‘ক’ গ্রুপের পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হবে। গ্রুপটিতে (ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মোট ৮ হাজার ৮৭৩ জন ভর্তিচ্ছু অংশ নেবেন।
বাকি ৬২২ জন ভর্তিচ্ছু ‘খ’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ) অংশ নেবে। ‘খ’ গ্রুপের পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত। ‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের এমসিকিউ এবং ২০০ নম্বরের মুক্ত হস্ত অঙ্কনসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ডাউনলোড করা সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের হার্ডকপি (রঙিন) অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন বা কারও সঙ্গে দুর্ব্যবহার করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার পর ১ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর (ভর্তি কমিটির অনুমোদিত) ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্স, স্কেল, সেট স্কয়ার, কম্পাস ও কোনো প্রকার ব্যাগসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আরও জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয় এবং পরে বিভাগ চয়েজ দেওয়ার সুযোগ পাবেন। এরপর বিশ্ববিদ্যালয়গুলো প্রাপ্ত নম্বর ও বিষয় চয়েজ বিবেচনা করে ভর্তি হওয়ার সুযোগ দেবে।