উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় প্রতিবেশীকে হত্যা, ৫ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করায় প্রতিবেশীকে হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম। এর আগে গত মঙ্গলবার দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করো হয়। গ্রেপ্তাররা হলেন শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার বকুল আলীর মেয়ে খাদিজা (১৯), আসাদ আলীর ছেলে মিঠন (৩০), বাদশা মিয়ার ছেলে মোমিন (২৫), জান মোহাম্মাদের ছেলে সোহেল (৩২) ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে পলাশ (৪০)। পুলিশ জানায়, নগরীর হরিষার ডাইং এলাকায় বকুলের ছেলে নাহিদ গত সোমবার রাত সাড়ে ৯টায় উচ্চ শব্দে গান শুনছিলেন। প্রতিবেশী মুকুল আলীর মেয়ে অন্তঃসত্ত্বা হওয়ায় মুকুল আলী নাহিদকে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করেন।
নাহিদ তাৎক্ষণিক বক্সের শব্দ কমিয়ে দিলেও মুকুল সেখান থেকে চলে আসলে আবারও শব্দ বাড়িয়ে দেন। মুকুল আলী পুনরায় নাহিদের বাড়িতে গিয়ে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করলে নাহিদ, তার বাবা বকুল আলী, মা ও তার বোন মিলে মুকুলকে গালিগালাজ করেন। একপর্যায়ে নাহিদ ও তার পরিবারের সদস্যরা লোহার রড দিয়ে মুকুলের মাথায় আঘাত করে। এ ছাড়া চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করেন। মুকুলের চিৎকার শুনে তার ছোট ছেলে শাহীন আলম ও জামাই আলমগীর সেখানে গেলে তাদেরকেও মারধর ও চাকু দিয়ে আঘাত করে জখম করে। স্থানীয়রা মুকুলকে উদ্ধারে এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যান। পরে গুরুতর আহত মুকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
