প্রক্সির মাধ্যমে রাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর ফল বাতিল
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে তানভীরের স্থলে পরীক্ষায় বসেছিলেন বায়োজিদ খান নামে এক প্রক্সিদাতা। পরে প্রক্সিতে জড়িত থাকার অভিযোগে বায়োজিদ খানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। কিন্তু গত মঙ্গলবার রাতে প্রকাশিত ফলে প্রথম হয়েছেন সেই প্রক্সি দেওয়া শিক্ষার্থীই। তবে ফলাফল প্রকাশিত হওয়ার পর ওই শিক্ষার্থীর রেজাল্ট অনলাইন থেকে বাতিল করে দিয়েছে প্রশাসন। ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলে দেখা যায়, মো. তানভীর আহমেদ রাবির ‘এ’ ইউনিটে যার ভর্তি পরীক্ষার রোল ছিলো ৩৯৫৩৪। রাবির ভর্তি পরীক্ষায় গ্রুপ-২ শিফটে অংশ নিয়ে ৯২ দশমিক ৭৫ নম্বর পেয়ে ১ম হয়েছেন তিনি।
এদিকে রাবির আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই আমরা প্রক্সি দিয়ে প্রথম হওয়া ওই শিক্ষার্থীর রেজাল্ট অনলাইন থেকে বাতিল করে দিয়েছি। এখন তার রোল দিয়ে আমাদের সাইটে সার্চ করলে ওই শিক্ষার্থীকে আর পাওয়া যাবে না। এটা আমাদের অনাকাক্সিক্ষত ভুল ছিলো। বিভিন্ন গণমাধ্যমে গত ২৬ জুলাই প্রকাশিত সংবাদে দেখা যায়, ভর্তি পরীক্ষায় রোল ৩৯৫৩৪ এর বিপরীতে রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়োজিদ খান মূল পরীক্ষার্থী তানভির আহমেদের হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক হন। পরে তাকে এক বছরের দণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। এ নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে।
অনেকেই এটাকে বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালীপনা হিসেবেও উল্লেখ্য করছেন। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বহীনতার পরিচয় এটি। প্রক্সি দেওয়ার পর যাদেরকে আটক করে দণ্ড দেওয়া হয়েছে তাদের ফলাফল আসে কিভাবে? এ বিষয়ে জানতে চাইলে ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি সংশ্লিষ্ট পরীক্ষা সমন্বয়ক ও ডিনদের ডেকেছি। আলোচনা চলছে। এ বিষয়ে দ্রুতই একটি সিদ্ধান্ত জানানো হবে।‘এ’ ইউনিটের পরীক্ষা কমিটির সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, তার ফল বাতিল করা হয়েছে। ওএমআর শিটে কোনও সুপারিশ ছিল না। ফ্রেশ খাতা হিসেবে এসেছে, সেটা মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছিল। তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন কাউকে সন্দেহ হলে ওএমআর শিট আলাদা রাখতে হয়।
বায়েজিদ খানকে (তানভীরের হয়ে পরীক্ষাদাতা) পরীক্ষা চলাকালীন সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তিনি প্রক্সি দিয়েছেন প্রমাণ পেয়ে মামলা-জেল দেওয়া হলো। এগুলোর পরও তার ওএমআর আলাদা হয়নি। প্রক্টর দপ্তর থেকেও আমাদেরকে জানানো হয়নি এই রোল নম্বরধারীর হয়ে প্রক্সি দেওয়ায় একজনকে জেলে পাঠানো হয়েছে। ফ্রেশ ওএমআর এসেছে, মূল্যায়ন করে ফল ঘোষণা করা হয়েছিল। এখন সেটা বাতিল করা হয়েছে। এদিকে তানভীর আহমেদের হয়ে প্রক্সি দিতে এসে আটক হয়েছিলেন বায়েজিদ। এরপরও ওই ওএমআর বাতিল না হওয়ায় পরীক্ষকের দায় দেখছে ভর্তি উপকমিটি। এজন্য দায়িত্ব অবহেলার কারণে পরীক্ষককে তলব করা হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা উপ কমিটির সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। তিনি বলেন,ওই পরীক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে।
পরীক্ষার হলে আটক হওয়ার পরই ওই কক্ষের পরীক্ষক তার খাতা বাতিলের সুপারিশ করবেন এটাই স্বাভাবিক। ওএমআরে কোনও সুপারিশ নেই। এটেনডেন্সে সুপারিশ আছে কি-না জানা নেই। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। এখানে পরীক্ষকের দায় অবশ্যই রয়েছে। পরীক্ষক দায়িত্ব অবহেলার দায় এড়াতে পারেন না। তার কাছে এ ঘটনার ব্যাখ্যা চাওয়া হবে। এদিকে, প্রক্সিতে ধরা পড়ার পরও ফল প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, এটি পরীক্ষা কমিটির ব্যর্থতার প্রমাণ। প্রক্সি প্রমাণ হওয়ার পরও ফল প্রকাশের মাধ্যমে পরীক্ষা কমিটি তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকরা। ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, ওই শিক্ষার্থীর খাতা সঙ্গে সঙ্গে বাতিল হওয়া উচিত ছিল। সঠিকভাবে দায়িত্ব পালন করা হয়নি। ওই শিক্ষার্থীর ফল প্রকাশের মাধ্যমে পরীক্ষা কমিটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ বলেন, সাধারণত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব বিষয়ে বেশ সর্তক থাকে। তারপরেও যদি এমনটি হয়ে থাকে তবে এটি বড় ভুল। কারণ একটি ছেলে প্রক্সি দিতে এসে যখন কারাদণ্ডপ্রাপ্ত হয়, তখন এটি প্রমাণিত, সে প্রক্সি দিয়েছে। এজন্য তাৎক্ষণিক ওই পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল হওয়া উচিত ছিল। এটি ভর্তি পরীক্ষা কমিটির জন্য জন্য বড় ব্যর্থতা। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, বিষয়টি মাত্র শুনলাম। এর সঙ্গে সংশ্লিষ্ট ইউনিট প্রধানই এ বিষয়ে ভালো উত্তর দিতে পারবেন।
