রাজশাহীতে কৃষিমন্ত্রী বললেন, আগামী বোরো মৌসুম পর্যন্ত সারের মজুদ আছে
স্টাফ রিপোর্টার : কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘দেশে এখন সারের কোনো সংকট নেই। তবে বিশ্ববাজারে সারের দাম বেড়েছে। তাই বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। কিন্তু আগামী বোরো মৌসুম পর্যন্ত দেশে সারের মজুদ আছে।’ বৃহস্পতিবার(২৮ জুলাই) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং অন্যান্য ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী দেশের খাদ্য মজুদ বাড়াতে ধান চাষের পাশাপাশি তেল জাতীয় ফসল উৎপাদনেও নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। কৃষিমন্ত্রী বলেন, ‘যারা দেশে হাহাকারের কথা প্রচার করে বেড়াচ্ছে, তারা বর্তমান সরকারের পতন চায়। যে কারণে তারা অপপ্রচার করে আন্দোলনের চেষ্টা করছে, ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। কিন্তু একমাত্র নির্বাচন মাধ্যম ছাড়া তাদের কোনো আন্দোলনেই সরকারের পতন হবে না।’ কৃষি সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম ও ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির প্রমুখ বক্তব্য দেন। এছাড়াও একই দিন বিকেলে নগরীর গ্রান্ড রিভার ভিউ হোটেলে ‘কৃষি সেক্টর রূপান্তরে বিনিয়োগ’ শীর্ষক এক কর্মশালায় অংশগ্রহণ করেন।
এর আগে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে পৌছান কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় তাকে অভ্যর্থনা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহান। এসময় উপস্থিত ছিলেন, বিএমডিএর নির্বাহী পরিচালক জনাব মোঃ আব্দুর রশীদ, বিএমডিএ সচিব মোঃ শরিফ আহম্মেদ, প্রকৌশলী মুক্তাদির রহমান, প্রকৌশলী মোঃ নাজমুল হুদাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
