১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হলেন ঢাবি শিক্ষার্থীসহ ২ জন

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ৮:২৭ অপরাহ্ণ | বিভাগ: lead
রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হলেন ঢাবি শিক্ষার্থীসহ ২ জন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) মানবিক ইউনিটভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। এই প্রতিবেদন লেখার সময় তাদের প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আটক দুজন হলেন- এখলাছুর রহমান ও মো. সজিব। এর মধ্যে এখলাছুর ঢাবির সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের পাঁচবিবি এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে। অন্যদিকে, সজিব ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা আবদুস সালামের ছেলে। তিনি শিক্ষার্থী হলেও কোথায় পড়াশোনা করেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার্থী ছিলেন লিমন নামে একজন। তার সিট পড়েছিল ড. এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনে। তবে তার পরিবর্তে প্রক্সি দিতে আসেন এখলাছুর। পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। অন্যদিকে, দ্বিতীয় শিফটের পরীক্ষায় ড. সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনে সিট পড়ে তানভীর আহমেদ নামে এক শিক্ষার্থীর। যার রোল নম্বর-৩৯৫৩৪। তবে তার পরিবর্তে পরীক্ষা দিতে আসেন বাংলার শিক্ষার্থী মো. সজিব। পরীক্ষা চলাকালে র‌্যাব তাকে আটক করে। বর্তমানে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এ ইউনিটের প্রথম গ্রুপের পরীক্ষা চলাকালে সন্দেহ হওয়ায় দুজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এখন তাদের প্রক্টর দপ্তরে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার আগে আমরা তাদের বিষয়ে বিস্তারিত জানাতে চাচ্ছি না। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল থেকে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন