১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় প্রতীক দিয়ে শিল্প-নকশা করলে মিলবে না স্বত্ব

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
জাতীয় প্রতীক দিয়ে শিল্প-নকশা করলে মিলবে না স্বত্ব
বিজ্ঞাপন

দেশের জাতীয় প্রতীক দিয়ে কোনো শিল্প-নকশা করা হলে মালিকানা স্বত্ব মিলবে না। এমন বিধান রেখে ‘বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২২’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে এ কথা জানান সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ খসড়া আইনটি কিছুদিন আগে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এটা আইপিআর (মেধা সম্পত্তি অধিকার) কর্মসূচির আওতায় ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) এলডিসিভুক্ত দেশগুলোর জন্য মেধা সম্পদ যাতে সংরক্ষণ করা যায় সেজন্য একটা মডেল ‘ল’ করা দরকার। -এফএনএস

 

তারই পরিপ্রেক্ষিতে আমাদের ১৯১১ সালের যে প্যাটেন্ড অ্যান্ড ডিজাইন অ্যাক্ট ছিল, যেটা অনেক পুরানো সেটাকে আধুনিক করে নেওয়া হয়েছে। কতিপয় শিল্প নকশা এ আইনের অধীনে সুরক্ষা পাবে। আবার কিছুকিছু পাবে না। যেমন প্রযুক্তিগত ও ব্যবহারিক দিক ব্যবহার করা হয়েছে, বিবেচনা করা হয়েছে এ রকম কিছু ইনোভেশন থাকে তাহলে সেটা সুরক্ষা পাবে না। যার বাণিজ্যিক ব্যবহার জনশৃঙ্খলা পরিবেশ ও নৈতিকতার পরিপ্রেক্ষিত সেটা দিয়ে কোনো প্রটেকশন পাওয়া যাবে না। আমি এমন একটা জিনিস করলাম যেটা দিয়ে মানুষের কল্যাণের পরিবর্তে অকল্যাণ হয়, আমি যদি দরখাস্ত দিই এটা আমার প্যাটেন্ট রাইট, এটা দেওয়া হবে না। অনিবন্ধিত কোনো কিছুর নকশা থাকে, আমি এটার রেজিস্ট্রেশন করলাম না। শিল্প চালাচ্ছি, মুনাফা করছি। তখন অন্য কেউ যদি এটা করে, তখন সে দরখাস্ত দিতে পারবে না।

 

তুমি তো রেজিস্ট্রেশনই করোনি। খসড়া আইন অনুযায়ী জাতীয় প্রতীকের সমন্বয়ে গঠিত কোনো শিল্প ও নকশার মালিকানা স্বত্ব দেওয়া হবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শাপলা দিয়ে কেউ একটা নকশা করে বললো এটা আমার প্রোপার্টি রাইট (স্বত্ব), এটা (স্বত্ব) দেওয়া হবে না। কেউ বাঘ দিয়ে, কাঁঠাল দিয়ে নকশা করলো, সেটা হবে না। কারণ এগুলো আমাদের জাতীয় নকশা। তিনি বলেন, পাশাপাশি কোন শিল্প নকশার স্বত্বাধিকারী তার নিবন্ধিত শিল্প নকশা অন্য কোনো ব্যক্তির ব্যবহার করা হতে নিবৃত্ত করার অধিকার থাকবে। আমি যদি সঠিকভাবে কোনো নকশার স্বত্ব নিই, তবে কেউ সেটা ব্যবহার করতে চাইলে অনুমতি নিতে হবে। কোনো ব্যক্তি চাইলে খসড়া আইনানুযায়ী তার শিল্প-নকশা বাতিল করারও অধিকার রাখেন বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন