১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অভিযান শেষেই উচ্ছেদ হওয়া জায়গায় ছাত্রলীগের অফিস!

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১০:১৫ অপরাহ্ণ | বিভাগ: lead
অভিযান শেষেই উচ্ছেদ হওয়া জায়গায় ছাত্রলীগের অফিস!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে সরকারী জায়গায় নির্মানাধীন অর্ধশতাধিক অবৈধ দোকান গুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কামারপাড়া বাজারে সড়ক ও জনপথ অধিদপ্তরের অভিযানে এসব দোকান গুড়িয়ে দেয়া হয়। তবে উচ্ছেদ অভিযান শেষ হতেই সেখানে ইউপি কার্যালয় করার ঘোষণা দিয়ে ব্যানার ঝুলিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামারপাড়া বাজারে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে অবৈধ দোকান থাকায় তীব্র যানজট তৈরি হত বিভিন্ন সময়। এছাড়া সড়ক দুর্ঘটনাও ঘটে কয়েকবার। সেজন্য অভিযান চালিয়ে অর্ধশত টিনের ও আধাপাকা দোকান উচ্ছেদ করেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম। অভিযান শেষে তিনি ঘটনাস্থল ছেড়ে যেতেই সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা হাজির হন।

এ সময় ‘রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের প্রধান কার্যালয়’ লেখা সম্বলিত ব্যানার ঝুলিয়ে দেন তারা। স্থানীয় একটি সূত্র বলছে, মোহনপুর ও কেশরহাট বাজারে সড়কের দুপাশে সরকারী জায়গায় অবৈধ অনেক দোকান থাকলেও রহস্যজনক কারণে এদিন উচ্ছেদ করা হয়নি। দীর্ঘদিন পূর্বে মোহনপুর বাজারে উচ্ছেদে কয়েকটি দোকান ভেঙে ফেলা হলেও পরবর্তীতে আবারো দোকান বসানো হয় একই জায়গায়। এ বিষয়ে রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান মিঠু বলেন, আমি কোনো ব্যনার টাঙাইনি। স্থানীয় কয়েকজন ছেলেপেলে সেখানে আড্ডা দেয়ার জন্য জায়গাটি ফাঁকা পেয়ে ব্যানার টাঙিয়েছে। এ ব্যপারে সড়ক ও জনপথ উপবিভাগ-২ রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ্ মো. আসিফ বলেন, অবৈধ দোকান থাকায় যানজট সৃষ্টি হত কামারপাড়া বাজারে। সড়ক দুর্ঘটনাও ঘটেছে। সেজন্য অভিযান চালানো হয়েছে। তবে সেখানে ব্যানার ঝুলানোর এখতিয়ার কারো নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনে আবারো অভিযান চালানো হবে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন