পবার ৫ জন পুকুর খননকারীর জেল
পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় বড়গাছী ইউপির কানপাড়া এলাকায় তিন ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রোববার (২৪ জুলাই) বিকেলে বড়গাছী ইউপির কানপাড়া এলাকার এই পাঁচ জনের প্রত্যেককে ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা। উল্লেখ্য, পবা উপজেলার বড়গাছী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেখানে তিন ফসলি জমিতে অবৈধ পুকুর খননের দায়ে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘে ১৫ (১) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের কানপাড়া এলাকায় তিন ফসলি কৃষি জমিতে দুইটি এক্সকাভেটর লাগিয়ে চলছিল পুকুর খনন। এই জমির মালিক স্থানীয় বড়গাছী ইউপি সদস্য স্বপন। কৃষি জমিতে অবৈধভাবে অবাধে তিনি পুকুর খনন করাচ্ছিলেন। এই পুকুরের মাটি তিনি বিক্রি করছেন উপজেলার বিভিন্ন ইটভাটায়। প্রতি গাড়ি মাটি বিক্রি হচ্ছে সাত থেকে আট শ টাকায়। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পবা উপজেলার পারিলা ইউপির কয়ড়া এলাকার হাকিমুদ্দিন এর ছেলে মো. আয়নাল হক, পবা উপজেলার পারিলা ইউপির মাড়িয়া এলাকার আশাদ আলীর ছেলে আরিফুল ইসলাম, পারিলা ইউপির মাড়িয়া এলাকার মৃত আতাউর রহমান এর ছেলে রোকন উদ্দিন, বড়গাছী ইউপির বড়ভালাম এলাকার মৃত. নাজিমুদ্দিন এর ছেলে নবিরুল, বড়গাছী ইউপির ভবানিপুর এলাকার রবিউল ইসলাম এর ছেলে রনি আহমেদ,। পবা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লসমী চাকমা জানান, কোনো অবস্থাতেই কৃষিজমি, ফসলি জমিতে অবৈধ মাটি উত্তোলন করা যাবে না।
ইতোমধ্যে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলার বিভিন্ন জায়গায় কৃষি জমিতে পুকুর খনন করতে দেখে পুকুরের মালিকসহ গাড়ির চালককে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বড়গাছী ইউপির কানপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
