১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ডেপুটি স্পিকারের মৃত্যু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১২:১৪ অপরাহ্ণ | বিভাগ: lead
ডেপুটি স্পিকারের মৃত্যু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
বিজ্ঞাপন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলে রাব্বী মিয়া আর নেই। গত শুক্রবার দিবাগত রাত ২টায় (নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৪টা) যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে তিনি দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন ছিলেন। ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফয়জার রহমান ও মায়ের নাম হামিদুন নেছা। ১৯৭১ সালে ফজলে রাব্বী মিয়া মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। এছাড়া, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তুলতে তিনি বিশেষ অবদান রাখেন। ফজলে রাব্বী মিয়া ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালে চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালে ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন। ২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। -এফএনএস

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সকালে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অবদান জাঁতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি। এদিকে, এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছাত্রজীবন থেকেই ফজলে রাব্বী মিয়া আইয়ুববিরোধী আন্দোলন এবং ’৬২-এর শিক্ষা কমিশনবিরোধী আন্দোলনে জড়িত ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ১১নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। সংসদীয় গণতন্ত্রে অসামান্য ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন