১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাজারে সরকার নির্ধারিত দামে সয়াবিন মিলছে না, বন্ধ হচ্ছে খোলা তেল বিক্রি

প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ | বিভাগ: lead
বাজারে সরকার নির্ধারিত দামে সয়াবিন মিলছে না, বন্ধ হচ্ছে খোলা তেল বিক্রি
বিজ্ঞাপন

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে সরকার দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর খুচরা পর্যায়ে দাম কিছুটা কমেছে। তবে সরকার যে হারে কমানোর কথা বলেছে সে হারে দাম কমেনি। এমনকি নতুন দামের সয়াবিন তেল এখনো বাজারে আসেনি। খুচরা ব্যবসায়ীরা বলছেন, কোম্পানিগুলো বোতলের যে সয়াবিন তেল সরবরাহ করেছে তাতে আগের মূল্য লেখা রয়েছে। কিছু ব্যবসায়ী বোতলে লেখা মূল্যে সয়াবিন তেল বিক্রি করছেন। আবার কিছু ব্যবসায়ী বোতলে উল্লেখ করা মূল্যের থেকে কম দামে তেল বিক্রি করছেন। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় সরকার গত ১৭ জুলাই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করে দেয়। আর ২ লিটারের বোতলের সয়াবিন তেলের দাম ৩৯৮ টাকা থেকে কমিয়ে করা হয় ৩৭০ টাকা এবং ৫ লিটারের বোতল ৯৮০ টাকা থেকে কমিয়ে আনা হয় ৯১০ টাকায়।

সরকার নির্ধারিত এ দাম ১৮ জুলাই থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। তবে এর তিনদিন পর নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকেই বাজারে নতুন দামের তেল পাওয়ার কথা। তবে শুক্রবার(২২ জুলাই) সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দোকানে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল মিলছে না। অবশ্য আগের দাম উল্লেখ করা বোতলের সয়াবিন তেল কিছুটা কম দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। এক লিটার বোতলের সয়াবিন তেল ১৯৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৫০ থেকে ৯৬০ টাকায় বিক্রি হচ্ছে। রামপুরার ব্যবসায়ী মো. আলামিন বলেন, গতকাল (গত বৃহস্পতিবার) রূপচাঁদার নতুন বোতলের তেল এসেছে। এক লিটারের বোতলে দাম উল্লেখ আছে ১৯৯ টাকা আর পাঁচ লিটারের বোতলে ৯৮০ টাকা। তবে আমরা এক লিটার ১৯৫ টাকা এবং পাঁচ লিটার ৯৬০ টাকায় বিক্রি করছি। এ ব্যবসায়ীর দোকানে থাকা বোতলে উল্লেখ করা মূল্যের পাশে উৎপাদনের তারিখ দেখা যায় ৭ জুলাই। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, উৎপাদনের পর তেল বাজারে আসতে ১০-১৫ দিন লেগে যায়। কোম্পানির লোক গতকালই (গত বৃহস্পতিবার) আমাদের এ তেল দিয়ে গেছে।

 

বাজারের অন্য এক ব্যবসায়ী জুবায়ের হোসেন বলেন, নতুন দামের বোতলের সয়াবিন তেল আমরা এখনো পাইনি। তবে আগের তেল দাম কমিয়ে লোকসানে বিক্রি করছি। এক লিটারের বোতলের তেল ১৯৫ টাকা আর পাঁচ লিটারের বোতল ৯৫০ টাকায় বিক্রি করছি। লোকসানে তেল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, সরকার দাম কমানোর সিদ্ধান্ত দিয়েছে। হুট করে কখন কে অভিযান চালায় বলা মুশকিল। অভিযানে জরিমানা দেওয়ার চেয়ে লোকসানে বিক্রি করাই ভালো। খিলগাঁওয়ের ব্যবসায়ী সাদ্দাম বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বোতলের এক লিটার সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা এবং পাঁচ লিটারের দাম ৯১০ টাকা হওয়ার কথা। তবে এ দামের তেল আমরা এখনো পাইনি। এরপরও আমরা আগের থেকে কম দামে বিক্রি করছি। ১৯৯ টাকা উল্লেখ থাকা বোতলের এক লিটার সয়াবিন তেল ১৯৫ টাকা এবং ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতল ৯৫০ টাকা বিক্রি করছি। আপনারা যে দামে বিক্রি করছেন সরকার নির্ধারিত মূল্য তো তার চেয়ে কম। কেন সরকার নির্ধারিত দামে বিক্রি করছেন না- এমন প্রশ্নে এ ব্যবসায়ী বলেন, কোম্পানি কম দামে তেল না দিলে আমরা কীভাবে দাম কমিয়ে বিক্রি করবো? নতুন মূল্যের তেল পেলে অবশ্যই নির্ধারিত দামে বিক্রি করবো। এদিকে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী এক লিটার খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা আর এক লিটার খোলা পাম তেল ১৫২ টাকায় বিক্রি হওয়ার কথা। তবে এ দামে খোলা সয়াবিন বা পাম তেল কিনতে পারছেন না ক্রেতারা। খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেল ও পাম তেল কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি খোলা সয়াবিন তেল কিনতে ১৯৫ থেকে ২০০ টাকা আর প্রতি কেজি পাম তেল কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা। সরকার নির্ধারিত দামে খোলা সয়াবিন ও পাম তেল বিক্রি না হওয়ায় কারণ হিসেবে মালিবাগের ব্যবসায়ী সিয়াম বলেন, পাইকারিতে খোলা সয়াবিন তেলের দাম এখনো কমেনি। আমরা বেশি দামে তেল কিনে এখন কম দামে কিভাবে বিক্রি করবো। লোকসান দিয়ে তো ব্যবসা করা যাবে না। পাইকারিতে যে দামে কিনেছি, কেউ চাইলে তার রশিদ দেখিয়ে দিতে পারবো।

 

এদিকে বন্ধ হচ্ছে খোলা তেল বিক্রি। এর আগে কয়েক বার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলে এবার বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে সরকার। সিদ্ধান্ত অনুসারে আগামী ৩১ জুলাই থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ হচ্ছে। খোলা পাম অয়েল বিক্রি বন্ধ হবে ৩১ ডিসেম্বর থেকে। বাজারে প্যাকেটজাত প্রক্রিয়া ব্যতীত এসব তেল পাওয়া যাবে না। খোলা তেলে ভেজাল মেশানো সহজ। তা ছাড়া কোন পর্যায়ে সয়াবিন ও পাম অয়েলে ভেজাল মিশ্রিত হচ্ছে, তা নির্দিষ্ট করাও কঠিন। এসব বিষয় মাথায় রেখেই খোলা তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং উপ-সচিব হারুন অর রশিদ এ ব্যাপারে বলেন, সরকার এ আগেও তিন দফা খোলা তেল বিক্রি বন্ধে সিদ্ধান্ত নেয়। কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার আর সে পথে যেতে চায় না শিল্প মন্ত্রণালয়। তিনি জানান, পাউচ প্যাকেটজাত তেল বাজারে থাকবে। তবে, ২৫০ মিলিলিটার থেকে ২০-৩০ লিটার পর্যন্ত তেল বিক্রি করতে হবে জারে করে। খোলা তেল বিক্রির সময় জুলাই মাস পর্যন্ত। এ ক্ষেত্রে স্বল্প মূল্যবৃদ্ধি হতে পারে বলেও জানান। একটি সূত্র মারফত জানা গেছে, খোলা তেল বিক্রি বন্ধ হলে ফুড গ্রেড বোতল, প্লাস্টিক ফয়েল, পাউচ প্যাকে বাজারজাত হতে সয়াবিন ও পাম অয়েল। শিল্প মন্ত্রণালয় এ ব্যাপারে উৎপাদক পরিবেশক পর্যায়ে নির্দেশনা দিয়েছে। মূল্যবৃদ্ধির ব্যাপারে সূত্রটি জানায়, খোলা তেল বিক্রি বন্ধ হয়ে গেলে প্যাকটজাত ২-৩ শতাংশ, সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত তেলের মূল্যবৃদ্ধি পেতে পারে। নিম্ন আয়ের মানুষের কেনার সুবিধার্থে ছোট ছোট প্যাকেটে বিক্রির ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর আগে ৩১ মের পর থেকে খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না বলে সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। পাম তেলের ব্যাপারে সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্তই নির্ধারিত ছিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন