পবার ভুগরইল স্কুলের বন্ধ রাস্তা খুলে দিলো প্রশাসন
পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ভূগরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ মুখে ইটের গাথুঁনি দিয়ে স্থায়ী নির্মাণ প্রাচীর ভেঙ্গে দিলো প্রশাসন। নির্মাণ প্রাচীর ভাঙ্গার পর বিদ্যালয়ে প্রবেশ করতে পারছেন শিক্ষকসহ শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় ভূগরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকৃত সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার। এর আগে রোববার (১৭ জুলাই) স্কুল গেটে প্রাচীর নির্মাণ করা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
তাতেই টকন নড়ে কর্তৃপক্ষের। সরেজমিনে গিয়ে দেখা গেছে- প্রাচীর ভাঙ্গার পরে শিক্ষার্থীরা অবাধে চলা-ফেরা করতে পারছেন স্কুলের ভেতরে। এই নির্মাণ প্রাচীরটি ভাঙ্গার সময় উপস্থিত ছিলেন জমির মালিক জায়নাল ও পলাশ। পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার জানান, রোববার (১৭ জুলাই) জয়নাল ও পলাশ কথা দিয়েছিল তারা প্রাচীর ভেঙ্গে সরিয়ে নেবে। তার অংশ হিসেবে সকালে প্রাচীর ভাঙ্গা হয়। এখন শিক্ষার্থীরা অবাধে চলা-ফেরা করতে পারছে।
