১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভোটের মাঠের সহিংসতা ইসি বন্ধ করতে পারবে না : সিইসি

প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ৯:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ভোটের মাঠের সহিংসতা ইসি বন্ধ করতে পারবে না : সিইসি
বিজ্ঞাপন

ভোটের মাঠের সহিংসতা নির্বাচন কমিশন (ইসি) বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কিন্তু কম না। কিন্তু আপনাদের (রাজনীতিবিদ) দায়িত্ব নিতে হবে। এখানে খেলোয়াড় হচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনারা মাঠে যাবেন, খেলবেন। আমরা (ইসি) হলাম রেফারি। গত রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় ভোটের মাঠে সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকে পদক্ষেপ নিতে হবে বলে ইঙ্গিত দেন সিইসি। নির্বাচন কমিশনার বলেন, ভোটের মাঠে নিয়ম লঙ্ঘন করে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ান, তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকেও রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরামর্শ দেবো। সিইসির এমন বক্তব্যের পর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আইনে আমাদের শটগান নিয়ে দাঁড়ানো পারমিট করে না। এনডিএমের প্রতিনিধিদের উদ্দেশে সিইসি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের দায় আমাদের ওপরে চাপাবেন না। -এফএনএস

 

আমরা আমাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের দায়টা বহন করবো। কাজী হাবিবুল আউয়াল বলেন, সরকার সহায়তা না করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিণতি মন্দ হতে পারে। তবে ইসি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে সর্বাত্মক চেষ্টা করবে। এদিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে সিইসি হাবিবুল আউয়াল বলেন, আমরা আমোদ-ফুর্তি করতে পদে আসি নাই। রাজনৈতিক সমঝোতা এবং ঐকমত্য খুবই দরকার। আমরা বেদনাহত হই যখন বক্তব্যগুলো সাংঘর্ষিক হয়। আমরা চাই, সমঝোতার পথে দলগুলো এগিয়ে যাক, যাতে নির্বাচন শান্তিপূর্ণ হয়। সিইসি বলেন, আরেকটা জিনিস বলে যাচ্ছি- অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে, আমাকে হয়তো পদ ছেড়ে যেতে হবে। কারণ নতুন করে সরকার হলে, তার একটা শর্ত থাকবে এই কমিশনে। এ নিয়ে সবাইকে আশ্বস্ত করবেন। ওখানে সামান্যতম কোনো ভয়ভীতি নেই। বলার আগেই পদ ছেড়ে চলে যাবো। যদি শর্ত হয় নতুন নির্বাচন কমিশন অনেক যোগ্যতর লোক দ্বারা হবে, সেটা আমাকে কিন্তু আহ্বান করতে হবে না।

 

আমি চাই সম্প্রীতি, রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য ও সুন্দর নির্বাচন। আমাদের দিয়ে না, যে কাউকে দিয়ে করানোর জন্য যদি আমাকে এই পদ ছেড়ে যেতে হয়, আমাকে রিকোয়েস্ট করতে হবে না, তার আগেই চলে যেতে পারবো। কাজেই এই ভয় যেন বিএনপি বা অন্য কারও মধ্যে না থাকে। এই পদে কিন্তু আমরা আমোদ-ফুর্তি করতে আসি নাই। কঠিন একটি দায়িত্ব নিয়ে কঠোর পরিশ্রম করতে এসেছি। কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এর আগে সিইসি বলেন, অনেক রাজনৈতিক দল বলছে, আমরা নাকি একটি নির্দিষ্ট দলের এজেন্ডা নিয়ে এসেছি। দলটা কারা সেটা আমি বলতে চাচ্ছি না। তবে আমরা বাক্স খুলে দেখেছি। বাক্সের কোথাও এজেন্ডাটা নেই। আমরা এখনো অতটা অসৎ হয়ে পড়ি নাই। আমি সুস্পষ্ট করে বলতে চাই, ভবিষ্যতে চোর হবো না ডাকাত হবো, সেটা বলতে পারবো না। কিন্তু এজ অব নাও (এখন পর্যন্ত) ওইভাবে কোনো রকমের পক্ষপাতিত্ব বা কারও এজেন্ডা বাস্তবায়ন করার মানসিকতা এখনো আমাদের ভেতরে জন্ম নেয়নি। আমি স্পষ্ট করে জানাতে চাচ্ছি, আমরা তো সমস্যা বন্ধ করতে পারবো না। আপনাদের দায়িত্ব নিতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন