টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ ৮ জন নিহত
টাঙ্গাইলে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। গতকাল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় বাসচাপায় একই পরিবারের ৩ জন, ভোরে মহাসড়কের দুল্যা মনসুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৪ জন ও বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সড়ক পার হওয়ার সময় ১ পথচারীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে জামুর্কী এলাকায় সড়ক পার হওয়ার সময় নিহতরা হলেন, জেলার মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকার বাসিন্দা মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮) ও মেয়ে সাদিয়া (৬)। বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সড়ক পার হওয়ার নিহত ব্যক্তির নাম মঞ্জুরুল ইসলাম (৪৮)। তিনি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার ধফাদারপাড়ার এলাকার আমির উদ্দিনের ছেলে। জানা গেছে, দুপুরে জেলার মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় এক নারী তার দুই শিশু সন্তানকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহি বাস এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ওই নারীর মেয়ে ও হাসতাপালে তিনিসহ তার আরেক ছেলের মৃত্যু হয়। -এফএনএস
এদিকে, ভোরে মহাসড়কের দুল্যা মনসুর নামক স্থানে ঢাকাগামী দাঁড় করিয়ে রাখা বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত হন। এ সময় বাসের আরও ১০ যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কিছু সময় ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। অপরদিকে, বাসযোগে মঞ্জুরুল ইসলাম ঢাকায় যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতু পার হয়ে পূর্বপাড়ে পৌঁছালে তিনি টয়লেট সারতে বাস থেকে নেমে সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবিন বলেন, জামুর্কীতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া দুইজনকে হাসপাতালে আনা হয়েছিলো। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়াও বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে নিহত হওয়া আরও এক ব্যক্তির লাশ মর্গে রয়েছে। মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, জামুর্কী এলাকায় একই পরিবারের ৩ জন হেঁটে সড়ক পার হওয়ার সময় একটি বাস এসে তাদের চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল বলেন, মহাসড়কের দুল্যা মনসুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের পর বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে ওভারব্রিজের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। স্থানীয় আলমগীর হোসেন বলেন, পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভারব্রিজ না থাকায় মহাসড়ক পারাপারের সময় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এ কারণে এলাকাবাসী ওই এলাকায় একটি ওভারব্রিজের দাবিতে আগেও মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে। কিন্তু প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসে ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও দীর্ঘদিনে তা বাস্তবায়ন করা হয়নি। গতকাল শনিবার দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতার সঙ্গে স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অবরোধে অংশ নেন। তারা মহাসড়কের জনগুরুত্বপূর্ণ ওই স্থানে ফুটওভারব্রিজ নির্মাণ না করা পর্যন্ত অবরোধ তুলে নেবেন না বলে জানান। অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের আশ্বাসে আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিক্ষুব্ধ জনসাধারণের সঙ্গে দীর্ঘসময় কথা বলার পর তাদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন। এই মুহূর্তে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
