রাজশাহী মহানগরীতে নিজ ঘরে বৃদ্ধার গলা কাটা লাশ!
স্টাফ রিপোর্টার : নিজ ঘরেই পড়েছিল ৬৫ বছরের বৃদ্ধা গোলেজান বিবির গলা কাটা লাশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গতকাল শনিবার(১৬ জুলাই) সকালে লাশটি উদ্ধার করেছে রাজশাহীর মতিহার থানা পুলিশ। মতিহারের বামনশিখর উত্তরপাড়া এলাকার ওই বাড়ি থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য দুপুরে তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত গোলেজান বিবি ওই এলাকার মৃত ইয়াকুব আলীর স্ত্রী। পুলিশ বলছে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কে বা কারা তার ঘরে ঢুকে গলা কেটে তাকে খুন করেছে। পরে ঘরের মধ্যেই লাশ ফেলে চলে গেছে। ওই সময় ঘরে তিনি একাই ঘুমোচ্ছিলেন। তবে পাশের ঘরে তার ১১ বছরের নাতি শিমুল ঘুমিয়ে ছিল।
ঘটনা সম্পর্কে শিমুলের কাছে কোনো তথ্য পাওয়া যায় কি না তার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এজন্য তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাজশাহী মহানগরীর মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, এই হত্যাকাণ্ড নিয়ে প্রাথমিকভাবে এখনও কিছু জানা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে একটু সময় লাগবে। তবে প্রতিবেশী ও নিকট আত্মীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। পরে এই ব্যাপারে বিস্তারিত বলা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান- রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা।
এদিকে, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, হত্যাকাণ্ডটি এখনও ‘ক্লু-লেস’। তবে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে। মতিহার থানা পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। শিগগিরই সব জানা যাবে। এক প্রশ্নের জবাবে আরএমপির এডিসি রফিকুল আলম বলেন, ওই বাড়িতে ১১ বছরের নাতিকে নিয়ে থাকতেন গোলেজান বিবি। সে পাশের ঘরেই ছিল। তাই শিমুল কিছু দেখেছে কি না বা বুঝতে পেরেছে কি না পুলিশ তা জানার চেষ্টা করছে। এজন্য ওই শিশুকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সে পাঁচ বছর বয়স থেকে তার দাদীর কাছে থাকে। গোলেজান বিবির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তারা অন্যত্র থাকেন। তাদেরও খবর দেওয়া হয়েছে। সবাইকে জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে একটা স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
