বিল গেটস শীর্ষ ধনীর তালিকায় থাকতে চান না
আবারও নিজের ধন-সম্পদ জনহিতকর কাজে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিল গেটস। একপর্যায়ে বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে নাম কাটা পড়বে- এমনটাই চান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। বুধবার জনসেবামূলক তহবিলে আরও দুই হাজার কোটি ডলার দান করার ঘোষণা দিয়েছেন গেটস। নিজের ধন-সম্পদ দান করে দিয়ে ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকা থেকে পর্যায়ক্রমে নেমে যাওয়ার পরিকল্পনার কথা বলেছেন। গেটস এর আগে ২০১০ সালেও নিজের ধন-সম্পদ দান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। কিন্তু তার পরের দশকে গেটসের সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বর্তমানে ১১ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদের মালিক বিল গেটস। তবে, জুলাই মাসে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাইন্ডেশন’-এ দুই হাজার কোটি ডলার দান করার পর ছোট হয়ে আসবে এর আকার।
২০০০ সালে সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের সঙ্গে দাতব্য সংস্থাটি গঠন করেছিলেন বিল গেটস। গতবছর তাদের বিচ্ছেদ হলেও মেলিন্ডা এখনও ফাউন্ডেশনে আছেন। এক টুইটার থ্রেডে গেটস জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে বার্ষিক অর্থায়ন ছয়শ কোটি ডলার থেকে বাড়িয়ে নয়শ কোটি ডলারে নেবে তার দাতব্য সংস্থা। “ভবিষ্যতের দিকে তাকিয়ে বলছি, আমি কার্যত আমার সকল সম্পদ ফাউন্ডেশনকে দিয়ে যেতে চাই। আমি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নিচে নামতে থাকব এবং একপর্যায়ে ঝরেই যাব,” টুইটে লিখেছেন গেটস। “আমার সম্পদ সমাজের কাছে এমনভাবে ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা আছে, যেন সেটা মানুষের কষ্ট কমাতে এবং জীবনযাত্রার মান বাড়াতে সর্বোচ্চ প্রভাব রাখতে পারে।” ম্যালেরিয়ার মত রোগ মোকাবেলা করতে এবং শিক্ষা ও জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে গেটস ফাউন্ডেশন। ২০২০ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দাতব্য সংস্থা ছিল এটি। সংস্থার সম্পদের আকার ছিল চার হাজার ৯৮০ কোটি ডলার।
বিবিসি লিখেছে, সংস্থাটির জনহিতকর কর্মকাণ্ড বিভিন্ন সময়ে প্রশংসিত হলেও, একটি ব্যক্তিমালিকানাধীন উদ্যোগ হিসেবে এর প্রভাব-প্রতিপত্তি এবং অভ্যন্তরীণ নীতি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। ২০১৮ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে (ডব্লিউএইচও) সবচেয়ে বেশি অর্থ সাহায্য দেওয়া ব্যক্তিমালিকানাধীন সংস্থা ছিল গেটস ফাউন্ডেশন। সে বছর ডব্লিউএইচওকে গেটস ফাউন্ডেশনের চেয়েও বেশি অর্থ দিয়েছিল কেবল যুক্তরাষ্ট্র। বিল গেটস ১৯৯৫ থেকে ২০১০ সালের মধ্যে ফোর্বস ম্যাগাজিনের তৈরি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে ছিলেন একাধিকবার। ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে আবারও তালিকার শীর্ষে উঠেছিলেন তিনি। ২০১৭ সালে গেটসকে হটিয়ে ফোর্বসের তালিকায় শীর্ষস্থান দখল করেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ২০২২ সালে টেসলা প্রধান ইলন মাস্ক শীর্ষস্থান দখল করে নেওয়ার পর তালিকায় আরও পিছিয়েছে গেটসের নাম।
