রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাহিন্দা-বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আরা ডেস্ক : প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার(১৫ জুলাই) দুপুরে তিনি এ দায়িত্ব নেন বলে সিলন টুডের প্রতিবেদনে জানানো হয়েছে। রনিলকে শপথবাক্য পড়ান শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া। সংবিধানের ৩৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রনিলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করেন পালিয়ে সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগ করা গোতাবায়া রাজাপাকসে। আগামী সাত দিনের মধ্যে নতুন করে পূর্ণ মেয়াদে প্রেসিডেন্ট নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্পিকার। সূত্র : বাংলা ইনসাইডার
এদিকে শ্রীলঙ্কার সদ্যসাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বিক্ষোভকারীদের তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। তবে সেই সুযোগ আপাতত পাচ্ছেন না তার দুই ভাই মাহিন্দা রাজাপাকসে ও বাসিল রাজাপাকসে। এ দুই নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট। খবর ডেইল মিররের। শুক্রবার (১৫ জুলাই) লঙ্কান সুপ্রিম কোর্ট এক অভ্যন্তরীণ আদেশে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের অনুমতি ছাড়া আগামী ২৮ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কা থেকে বের হতে পারবেন না তারা।

এদিন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল, ডব্লিউডি লক্ষ্মণ ও সাবেক অর্থসচিব এসআর অ্যাটগালের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি আবেদনের পক্ষে মত দেন। আবেদনে শ্রীলঙ্কার অর্থনীতিতে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নির্ভরযোগ্য সূত্রের বরাতে আবেদনকারীদের দাবি, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়ে চলে যেতে পারেন এবং এর ফলে সঠিক তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। একারণে তাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে মনে করে বাদী পক্ষ।
