পদত্যাগ করে প্রেসিডেন্ট গোটাবায়া গেলেন কোথায়?
আরা ডেস্ক : পদত্যাগ করেছেন বিক্ষোভের মুখে দেশ থেকে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার(১৪ জুলাই)মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছার পর পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগের খবর কলম্বোতে বিক্ষোভকারীরা আতশবাজি পুড়িয়ে উদযাপন করছেন। পার্লামেন্টের স্পিকার নিশ্চিত করেছেন, তিনি রাজপাকসের পদত্যাগপত্র পেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লঙ্কান সরকারের দুটি সূত্রের বরাতে জানিয়েছে, গোটাবায়া পার্লামেন্টের স্পিকারের কাছে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সূত্র দুটি আরও জানায়, গোটাবায়া সিঙ্গাপুর অবতরণের পর এটি পাঠিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। এছাড়া ইমেইল হিসেবে পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা তাও অস্পষ্ট।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন, প্রেসিডেন্টের কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিক্ষোভকারীরা সরে যাওয়ার ঘোষণার দিন পদত্যাগ করলেন গোটাবায়া। সিঙ্গাপুর সরকার নিশ্চিত করেছে, গোটাবায়া ব্যক্তিগত সফরে গিয়েছেন এবং রাজনৈতিক আশ্রয় চাননি। প্রেসিডেন্ট হিসেবে গ্রেফতার থেকে দায়মুক্তি ছিল রাজপাকসের। এই দায়মুক্তি কাজে লাগিয়ে তিনি শ্রীলঙ্কা ছেড়েছেন। গ্রেফতার এড়াতে তিনি দেশ ত্যাগের পর পদত্যাগ করেছেন।এর আগে রাতের আঁধারে সামরিক প্লেনে দেশ থেকে পালিয়ে বুধবার (১৩ জুলাই) ভোরে মালদ্বীপে পাড়ি জমান গোটাবায়া রাজাপাকসে। তবে মালদ্বীপেও বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। সেখান থেকে সৌদিয়া এয়ারলাইনের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুরে পৌঁছান। প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার গোটাবায়ার পদত্যাগের কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাননি। তার পদত্যাগের অপেক্ষায় ছিলেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নিরাপত্তা বাহিনীকে শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি জরুরি অবস্থাও ঘোষণা করেছেন। প্রত্যক্ষদর্শীরা দেখেছেন, কয়েক ডজন অ্যাক্টিভিস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেছেন। সশস্ত্র পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশের পর অ্যাক্টিভিস্টরা বের হতে শুরু করেন।
এদিকে এফএনএস জানায়, নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে দেশ ছেড়ে মালদ্বীপে আশ্রয় নেওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে অবশেষে মালদ্বীপ ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের একটি প্লেনে করে দ্বীপরাষ্ট্রটি ছাড়েন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা। মালদ্বীপের একজন সরকারি কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট রাজাপাকসে মালদ্বীপে একটি সৌদি বিমানে চড়েছেন। এই বিমানটি প্রথমে তাকে সিঙ্গাপুর এবং পরে সেখান থেকে তাকে সৌদি আরবের জেদ্দায় নিয়ে যাবে। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ পালিয়ে যান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ অনুমোদনের পর প্রেসিডেন্ট রাজাপাকসে এবং তার স্ত্রী কাতুনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই দেহরক্ষীসহ মালদ্বীপে পাড়ি জমান।
মূলত গত বুধবার খুব ভোরে বিমান বাহিনীর একটি ফ্লাইটে তাদের দেশত্যাগের সুযোগ দেওয়া হয়। সংবাদমাধ্যম বলছে, শ্রীলঙ্কার কোনো আইনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিধান নেই। তবে পদত্যাগের পর গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচতে প্রেসিডেন্ট গোতাবায়া বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য বুধবার রাতেই মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি জমাতে চেয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া। কিন্তু নিরাপত্তাজনিত সমস্যার কারণে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নির্ধারিত ফ্লাইটে তিনি আরোহণ করেননি গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে অবস্থান করছেন এবং দেশটির রাজধানী মালে থেকে নির্ধারিত সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এখনও গতকাল বৃহস্পতিবার সকালে রওনা হননি। যদিও বুধবার রাতেই তার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ডেইলি মিরর আরও জানায়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, তার স্ত্রী ইওমা রাজাপাকসে এবং দুই নিরাপত্তা কর্মকর্তার বুধবার রাতে মালে থেকে এসকিউ৪৩৭ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত সমস্যার কারণে তারা ফ্লাইটে আরোহণ করেননি। অন্যদিকে মালদ্বীপের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মালে থেকে সিঙ্গাপুরে পৌঁছাতে প্রেসিডেন্ট রাজাপাকসের জন্য একটি প্রাইভেট বিমানের ব্যবস্থা করার বিষয়টি আলোচনায় ছিল। এমনকি মালদ্বীপে পালিয়ে গেলেও বেসামরিক নাগরিকদের বিক্ষোভের ভয়ে তাকে সিঙ্গাপুরে চলে যাওয়ার জন্য একটি প্রাইভেট বিমানের ব্যবস্থা করে দিতে মালদ্বীপ সরকারকে রাজাপাকসে অনুরোধ করেছেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়। অবশেষে সৌদি আরবের একটি প্লেনে করে মালদ্বীপ ছাড়লেন তিনি।
