১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভারত থেকে উপহারের ২০ লাখ ভ্যাকসিন আসছে আজ

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ৯:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ভারত থেকে উপহারের ২০ লাখ ভ্যাকসিন আসছে আজ
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেবে ভারত। আজ বুধবার ভ্যাকসিনের চালানটি বাংলাদেশে পৌঁছাবে। বুধবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানযোগে ভারতের উপহারের এই ২০ লাখ ডোজ ভ্যাকসিন বিমানবন্দরে আসবে। এই বিশেষ বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জসহ সব চার্জ মওকুফ করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ ইমাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ভারত সরকার বাংলাদেশ সরকারকে উপহারস্বরূপ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ কোভিড-১৯-এর ভ্যাকসিন সরবরাহ করবে। ভ্যাকসিনের চালানটি এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানযোগে আগামী ২০ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। চিঠিতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জসহ সব চার্জ মওকুপের জন্য অনুরোধ জানানো হয়। এর আগে গত সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভারত সরকার বাংলাদেশকে কিছু টিকা উপহার হিসেবে দেবে। যেকোনো সময় তা দেশে আসতে পারে।

মন্ত্রী বলেন, সিরাম ইনস্টিটিউটের সঙ্গে আমাদের চুক্তির আওতায় থাকা তিন কোটি টিকার প্রথম লট আসবে আগামী ২৫-২৬ তারিখে। কিভাবে টিকাকেন্দ্র হবে, কোথায় টিকা দেয়া হবে, কিভাবে রাখা হবে- এসব ঠিক করা হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া কিভাবে ম্যানেজ করা হবে, সেগুলোর ব্যাপারেও বলা হয়েছে।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেবে ভারত। এই টিকা বিমানবন্দর থেকে পরিবহনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাক ও ভ্যান এবং সংরক্ষণের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ভারতীয় হাইকমিশন।

জানা গেছে, ভারত থেকে বিশেষ বিমানযোগে ২০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা বাংলাদেশে আসবে। এই টিকা পরিবহনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাক-ভ্যান সম্পর্কে বিস্তারিত জানাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের (জনসংখ্যা-২) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত একটি চিঠি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকার করোনা মোকাবিলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে জাতীয় ভ্যাকসিন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় ভারত সরকার বাংলাদেশকে সিরাম ইনস্টিটিউটের প্রস্তুতকৃত ২ মিলিয়ন (২০ লাখ) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেবে।

এই ভ্যাকসিনের চালানটি ভারতের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এতে আরও বলা হয়, বিমানবন্দন থেকে ভ্যাকসিন পরিবহনের যেসব বাহন (ট্রাক/ভ্যান) ব্যবহার করা হবে তার বিস্তারিত বিবরণ ভারতীয় হাইকমিশন থেকে চাওয়া হয়েছে। বিমানবন্দর থেকে ভ্যাকসিন পরিবহনে যেসব ট্রাক-ভ্যান ব্যবহার করা হবে তার বিস্তারিত প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেয়া হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন