এপএনএস : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে কৃতকার্য হয়েছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯.৮৭ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯০.১৩ শতাংশ। ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৫৬ হাজার ৯৭২ জন। গতকাল সোমবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
যেভাবে ফল জানা যাবে: ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিকপরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন। এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করে ফিরতি ঝগঝ-এ শিক্ষার্থী তার ফলাফল জানতে পারবেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
(ক) পাসকৃত শিক্ষার্থীদের আগামী ৪ জুলাই বিকেল ৩টা থেকে ২১ জুলাই বিকেল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৭ জুলাই থেকে ২৪ জুলাই তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
(গ) ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে খ-ইউনিট এর নোটিশে পাওয়া যাবে। গত ৪ জুন এই ইউনিটের পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।
ঢাবি ‘খ’ ইউনিটে প্রথম-দ্বিতীয়-তৃতীয় হলেন যারা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নাহলুল কবির নুয়েল। পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে তিনি ৯৬.৫ পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন দুজন। বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে বিভিন্ন মানদণ্ড অনুসরণ করে ক্রমিক করেছে। এর ফলে দ্বিতীয় হয়েছেন বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাবিয়া তাসনীম (মৃত্তিকা)। তার স্কোর ৯৬.২৫। তার কেন্দ্র ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভবন (একাডেমিক ভবন-১)। তৃতীয় হয়েছেন বরিশালের সরকারি নাজিমুদ্দিন কলেজের শিক্ষার্থী সাবরিন আক্তার কেয়া। তার স্কোরও ৯৬.২৫। তার কেন্দ্র ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভবন (একাডেমিক ভবন-২)।