১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৫৫৪ নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত: ১০ জুন ২০২২, ১২:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
৫৫৪ নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ নৌবাহিনীর এ ২০২২ ব্যাচের ৫৫৪ জন নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে খুলনাস্থ নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই ব্যাচে ২৫ জন নারী নাবিক রয়েছেন। নৌবাহিনীর এ ২০২২ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে ফয়সাল মাহমুদ পেশাগত ও সকল বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে নৌপ্রধান পদক লাভ করেন। মো. রাইসুল ইসলাম আসাদ দ্বিতীয় স্থান অধিকার করে কমখুল পদক ও আবিদ হাসান ফাহাদ তৃতীয় স্থান অধিকার করে তিতুমীর পদক লাভ করেন। নারী নাবিকদের মধ্যে চাঁদনী বেগম সকল বিষয়ে প্রথম স্থান অধিকার করে প্রীতিলতা ওয়াদ্দেদার পদক লাভ করেন।

এ সময় নৌপ্রধান স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহনকারী বীর নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছে ও পৃষ্ঠপোষকতায় ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত। নৌবাহিনীর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চ মনোবল ও সাহস নিয়ে নবীন নাবিকদের একযোগে দেশের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি। তিনি তার বক্তব্যে নৌঘাঁটি তিতুমীরে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মজীবনে এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেওয়ায় নবীন নাবিকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী নৌপ্রধান(পার্সোনাল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন