শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

অর্থনীতিকে বাঁচাতে কৃষিকে গুরুত্ব দিতে হবে : ড. আতিউর

Paris
Update : বুধবার, ৮ জুন, ২০২২

রাবি প্রতিনিধি : দেশের অর্থনীতিকে বাঁচাতে কৃষির উপর আরো বেশি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতটিতে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোসহ কৃষিকে আরো স্মার্ট ও প্রযুক্তিনির্ভর করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত “বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের বাস্তবতা” শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি মুখ্য আলোচক হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, কৃষি আমাদের রক্ষাকবচ। বাজেটে তাই কৃষির বিকাশ নিশ্চিত করার উদ্যোগ থাকতে হবে। এছাড়া কৃষিতে ভর্তুকি তিন গুণ বাড়িয়ে ৩০ হাজার কোটি টাকা করে কৃষি সংশ্লিষ্ট সরকারি জনবলের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বরাদ্দ রাখতে হবে। কৃষি গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়িয়ে ব্যক্তিগতভাবে এবং ব্যক্তিখাতে যারা কৃষি গবেষণা করছেন তাদের জন্য প্রণোদনা দিতে হবে। ড. আতিউর রহমান বলেন, আইসিটি ব্যবহারের মাধ্যমে কৃষি বাজারজাতকরণ এবং তথ্য আদান প্রদান বাড়াতে হবে এবং কৃষি যান্ত্রিকীকরণে দেয়া প্রণোদনা গুলো অব্যাহত রাখতে হবে।

এছাড়াও কৃষি অবকাঠামো এবং অনলাইন কৃষি বাজারজাতকরণ বাড়াতে বিনিয়োগ নিশ্চিত হলে কৃষিতে নবায়নযোগ্য শক্তি এবং জৈব সার ব্যবহারে উৎসাহিত করতে আলাদা প্রকল্প দরকার হবে। উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক (অব) মো. অবায়দুর রহমান প্রামাণিক প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris