১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চার ধাপে হবে ভোটার তালিকা হালনাগাদ হবে

প্রকাশিত: ১১ মে ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
চার ধাপে হবে ভোটার তালিকা হালনাগাদ হবে
বিজ্ঞাপন

এফএনএস : সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২০ মে। মোট চার ধাপে এ কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রথম ধাপে ২০ মে হতে ৯ জুন ১৪০টি উপজেলায় তথ্য সংগ্রহ করা হবে। এ সময়ে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহ করবেন। গতকাল মঙ্গলবার সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনকালে এসব তথ্য জানানো হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আবদুল বাতেনসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন জানায়, এবারের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দুই বছরের অগ্রিম তথ্যসহ মোট তিন বছরের তথ্য নেওয়া হবে। যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত যেসব ব্যক্তির বয়স ১৮ বছর পূর্ণ বা বেশি তাদের তথ্য সংগ্রহ করা হবে।

এ কার্যক্রমে ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম তাদের ২০২৩ সালের ২ জানুয়ারি, ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম তাদের ২০২৪ সালের ২ জানুয়ারি এবং ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম তাদের ২০২৫ সালের ২ জানুয়ারি নিবন্ধিত ভোটার হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। হালনাগাদে সম্ভাব্য ভোটার বৃদ্ধির হার ৭ দশমিক ৫০ শতাংশ।

এছাড়া এর আগে বিভিন্ন কারণে যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তদেরকেও হালনাগাদে ভোটার করা হবে। ভোটার তালিকা হালনাদ কার্যক্রমে মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করা হবে। এ সময় ভোটার স্থানান্তরের আবেদনও করা যাবে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজন হবে ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং পিতা/মাতার এনআইডির ফটোকপি-ইউটিলিটি বিলের কপি।

ইসি জানায়, এবারের হালনাগাদ কার্যক্রমে প্রায় ৫৬ হাজার তথ্যসংগ্রহকারী এবং ১১ হাজার ৩০০ সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। তাদের দিনব্যাপী হাতে কলমে নিবিড়ি প্রশিক্ষণ প্রদান করা হবে। নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের অভিজ্ঞ কর্মকর্তারা তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। হালনাগাদ কার্যক্রমর প্রত্যেক ধাপে তিন সপ্তাহ সময় দিয়ে তথ্য সংগ্রহ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন