কমলাপুর স্টেশনের ম্যানেজারের মোবাইল ও মানিব্যাগ চুরি
এফএনএস : রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করার সময় স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় এ চুরির ঘটনা ঘটে। এদিকে, সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে মানিব্যাগ ও মোবাইলে হাতে নিতে দেখা গেছে। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। গতকাল শনিবার সকাল থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আগামী ২৭ এপ্রিলের টিকিট দেওয়া হয় গতকাল শনিবার।
অনলাইন ও অফলাইনে বিক্রি হয় টিকেট। তবে টিকিট কিনতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টিকিটপ্রত্যাশীরা জানান, সকাল ৮টা থেকে ওয়েবসাইটে ঢুকে টিকিট কেনা যাচ্ছিল না। তবে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, সার্ভার ডাউন থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। অন্যদিকে টিকিট পেতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন যাত্রীরা। অনেকে গত শুক্রবার রাত থেকে স্টেশনে অপেক্ষা করেন।
