১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশের সঙ্গে অন্য উন্নয়নশীল দেশের তুলনা হয় না : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২, ৩:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বাংলাদেশের সঙ্গে অন্য উন্নয়নশীল দেশের তুলনা হয় না : তথ্যমন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশের সঙ্গে অন্য উন্নয়নশীল দেশের তুলনা হয় না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান। দেশের অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে হাঁটছে তাতে আমাদের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির ভীত অনেক গভীর।

দেশের রিজার্ভ ৫২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আমাদের যে রিজার্ভ আছে তা দিয়ে এক বছরের পণ্য কেনা যাবে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের রেমিট্যান্স ও রপ্তানি আয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের অভ্যন্তরীণ বাজার এখন অনেক বড়। দেশের প্রায় তিন কোটি মানুষের মাথাপিছু আয় এখন পাঁচ হাজার ডলারের বেশি। এ সংখ্যা আগামী কয়েক বছরের মধ্যে পাঁচ কোটি ছাড়িয়ে যাবে। তাই বাংলাদেশের সঙ্গে অন্য উন্নয়নশীল দেশের তুলনা চলে না। বিদ্যুৎখাতে যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেটি কোনো সঙ্কটে ফেলবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদ্যুৎখাতে তো প্রচুর ভর্তুকি দেওয়া হয়।

ভর্তুকি না দিলে বিদ্যুতের দাম অনেক বাড়বে। সেটি তো সাধারণ মানুষের জন্য অসুবিধাজনক হবে। সরকার কৃষিখাতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। অথচ বিশ্বব্যাংক ও আইএমএফ এ ক্ষেত্রে ভিন্ন পরামর্শ দিয়েছিলো। কিন্তু কৃষিখাতে ভর্তুকি দেওয়ার সুফল হচ্ছে আজকে বাংলাদেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম দেশ হওয়া সত্ত্বেও ধান, সবজি ও মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয় এবং আলু উৎপাদনে সপ্তম অবস্থানে রয়েছে। আলু আমরা এখন বিদেশে রপ্তানি করছি।

ভর্তুকি দেওয়ায় আমাদের অর্থনীতি ও কৃষির সঙ্গে সঙ্গে দেশও সার্বিকভাবে উপকৃত হচ্ছে। সম্প্রতি র‌্যাব কর্মকর্তাদের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্র কিন্তু সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করে। সুতরাং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে উভয় দেশ কাজ করছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন