বাগমারায় মাদক উদ্ধার, ৯ জন গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গত বুধবার র্যাব-পুলিশের পৃথক অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক সহ ৪ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী ৫ জন। মাদকসহ গ্রেপ্তারকৃতরা হল উপজেলার হায়াতপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আতাউর রহমান, পোড়াকয়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বিপ্লব উপজেলার বিভিন্ন এলাকা থেকে গাজা সহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সাথে হেরোইন সহ র্যাবের হাতে গ্রেপ্তার হন বিষ্ণপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম।
তাদের বিরুদ্ধে রাতে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীরা হলো পিদ্দপাড়া গ্রামের মোতাহার আলীর ছেলে হাফিজুর রহমান, ছাবের আলীর ছেলে নজরুল ইসলাম, বড় মাড়িয়া গ্রামের মেছের আলীর ছেলে রহিদুল ইসলাম এবং মোহনগঞ্জ গ্রামের আজমত আলীর ছেলে রতন। এছাড়াও ১৫১ ধারায় তেঘরিয়া গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে ফছির উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।
