গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পেয়ে প্রতিবাদে কৃষকের আত্মহত্যা
গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পাওয়ায় অভিমানে দুই আদিবাসী কৃষক বিষপান করেছে। এদের মধ্যে অভিনাথ মার্ডি (৩০) নামের একজন মারা যান। অপরজন নিহত অভিনাথ মার্ডির চাচাতো ভাই রবি মার্ডিকে (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিমঘুটু গ্রামের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের কাছে তারা বিষপান করে। বিষপানে নিহত অভিনাথ মার্ডি উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা নিমঘুটু গ্রামের বাবু চাঁদ মার্ডির ছেলে।
নিহতের চাচাতো ভাই বাপ্পি মার্ডি বলেন, নিহত অভিনাথ মার্ডি ঈশ্বরীপুর মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের ড্রাইভার শাখাওয়াত হোসেনের কাছে ১২-১৪ দিন থেকে ঘুরতে থাকে। কিন্তু পানির জন্য সিরিয়াল পায়নি তিনি। এরই মাধ্যে জমির পানি শুকিয়ে ধানের জমি সাদা হয়ে গেছে। বুধবার বিকেলে পুনরায় ডিপের ড্রাইভারকে পানির জন্য বললেন। এর পরও পানি না পেয়ে গভীর নলকুপের পাশে অভিমানে অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষপান করে। বাপ্পি বলেন, নলকুপের ড্রাইভার শাখাওয়াত বিষপানের কথা জানলে তাদের উদ্ধার বাড়ী নিয়ে যাওয়া হয়।
পরে রাত ৯ টার দিকে বাড়িতেই অভিনার্থ মার্ডি মার যায়। আর রবি মার্ডিকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গভীর নলকুপের ড্রাইভার সাখাওয়াত বলেন, তাদের জমিতে পানি দেয়নি একথা সত্য নয়। দুদিন আগেই পানি দিয়েছি। এটা তদন্ত করলেই পাওয়া যাবে। তবে তারা অতিরিক্ত মদ পান খেয়ে এসেছিল বলে দাবি করেন তিনি। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। তবে অপারেটরকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
