গনিপুরে টিসিবি’র পণ্য বিক্রিয় স্থল পরিদর্শনে ইউএনও
মচমইল থেকে সংবাদদাতা : দেশব্যাপি এক কোটি নিম্ন আয়ের পরিবারের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু করেছে সরকার। সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় শুরু হয়েছে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম। গতকাল বৃৃহস্পতিবার উপজেলার গনিপুর ইউনিয়নের একডালা এবং পরিষদ কার্যালয়ে সরকারি মূল্যে বিক্রি করা হয় টিসিবি’র তেল, চিনি ও ডাউল। যার প্যাকেজ মূল্য ৪৬০ টাকা। বর্তমান বাজার দরের চেয়ে কম মূল্য হওয়ায় কার্ডধারিদের উপস্থিতিও ছিল ব্যাপক। টিসিবি’র পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্বল্প ও নিম্ন আয়ের লোকজন। টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান।
এ সময় উপস্থিত ছিলেন গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, ট্যাগ অফিসার বিআরডিবি কর্মকর্তা আঞ্জুমানয়ারা খাতুন, টিসিবি’র ডিলার সাইদুর রহমান সহ ইউপি সদস্যগণ। এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় টিসিবির পণ্য বিক্রির ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। স্বচ্ছতার ভিত্তিতে পণ্য বিক্রির জন্য পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে এবং ট্যাগ টিম এর তদারকির ভিত্তিতে নির্ধারিত ডিলারদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে এই কার্যক্রম।
ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে এ পর্যায়ে ১৯ হাজার ৬২৭টি পরিবারের মাঝে পণ্য বিক্রয় করা হচ্ছে। চারজন ডিলারের মাধ্যমে বিক্রয় করা হচ্ছে টিসিবি’র পণ্য। পরিদর্শনকালে উপজেলা নির্র্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, টিসিবি’র পণ্য নিয়ে কেউ যেন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে জন্য ট্যাগ টিম গঠন করা হয়েছে। ফ্যামেলি কার্ড ছাড়া কারও নিকট টিসিবি’র পণ্য বিক্রয়ের সুযোগ নেই।
