বাগমারায় কৃষক হত্যায় আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন কারাদন্ড
এফএনএস : রাজশাহীর বাগমারায় এক কৃষক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছেন হাইকোর্ট। ওই আসামির আগে কোনো অপরাধের রেকর্ড না থাকায় ও গত ৬ বছর ধরে কনডেম সেলে বন্দি থাকায় তার সাজা কমিয়েছেন উচ্চ আদালত। ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের শুনানি শেষে গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এই রায় দেন। আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।
দণ্ড কমে যাবজ্জীবন সাজা পাওয়া ওই আসামির নাম আবু হানিফ প্রামাণিক। রাজশাহীর বাগমারা উপজেলার কোনোবাড়ি উত্তরপাড়া গ্রামের কৃষক আকবর আলী হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক (নিম্ন) আদালত। রায়ের বিষয়ে আইনজীবী অজি উল্লাহ জানান, ঘটনার সময় আসামির বয়স ছিল ২৮ বছর। গত ৬ বছর ধরে আসামি কনডেম সেলে আছেন। এ ছাড়া ঘটনার আগে তার কোনো অপরাধের রেকর্ড ছিল না। এসব বিষয় বিবেচনায় নিয়ে তার মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।
জানা গেছে, ২০১৫ সালের ২০ এপ্রিল সকাল ৮টার দিকে কোদাল দিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে মাটি কাটছিলেন কৃষক আকবর আলী। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে মকবুল হোসেনের ছেলে আবু হানিফ প্রামাণিক তার ঘাড়ের ডান পাশে কোদাল দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ঘটনায় সেদিন বিকেলেই নিহতের ছেলে রাকিবুল ইসলাম বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরে পুলিশ আবু হানিফকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
মামলার বিচার শেষে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ ও বিশেষ দায়রা জজ আদালতের-(২) বিচারক জাকিয়া পারভিন আবু হানিফ প্রামাণিককে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও আপিল করেন। ওই আপিলের শুনানি শেষে এই রায় দিলেন উচ্চ আদালত।
