১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নেতৃত্ব দেবে কৃষি প্রযুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ৯:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নেতৃত্ব দেবে কৃষি প্রযুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নেতৃত্ব দেবে কৃষি প্রযুক্তি। দেশে কৃষি বিপ্লব শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে এবং কৃষিতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায়। গতকাল রোববার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার কৃষি নির্ভরতা থেকে বিপথে যাওয়ায় দেশ পিছিয়ে পড়লেও বর্তমান সরকারের সময়ে আমরা আবারো সঠিক পথে ফেরত এসেছি। পরিকল্পনা নিয়ে কাজ করলে যে উন্নতি করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী পরিকল্পনার কারণে আজ বাংলাদেশ কৃষি বিপ্লবের মাধ্যমে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, যে বরেন্দ্র অঞ্চলে এক সময় কোনো ফসল হতো না, আজ সেখানে ফলের বাগান হচ্ছে। বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে। সেখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এক জমিতে তিনবার ফসল উৎপাদন হচ্ছে। বরেন্দ্র অঞ্চলের পরিবেশ বদলেছে। মানুষ চেষ্টা ও পরিশ্রম করলে পরিবেশ বদলে দিতে পারে।

শাহরিয়ার আলম বলেন, আমাদের মাটি সীমিত, আমাদের খনিজসম্পদ সীমিত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো আমাদের তেল-গ্যাস নেই, খনিজসম্পদ নেই। কিন্তু আমাদের আছে উর্বর ভূমি। এজন্য বঙ্গবন্ধু বলেছেন- এ ভূমিতে ছাগলে না খেলে, মানুষে না কাটলেও শুধু বীজ ফেলে রাখলেই গাছ হয়। তবে কৃষকরা যেনো নায্য মূল্য পায় এবং কেউ যেনো খাদ্য নিয়ে সিন্ডিকেট করতে না পারে এজন্য সকলকে মিলিত ভাবে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফকরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক, সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী, কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার প্রমুখ। পরে বিকাল ৪ টায় উপজেলার ইউসুফপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হোন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান কাইকো ও সাধারণ সম্পাদক দুলাল সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন