১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘হোসেনি দালানে বোমা হামলার মূলহোতারা আইনের বাইরে’

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ৮:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
‘হোসেনি দালানে বোমা হামলার মূলহোতারা আইনের বাইরে’
বিজ্ঞাপন

এফএনএস : রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার মূল পরিকল্পনাকারী আইনের আওতার বাইরে রয়ে গেছে। মামলার তদন্ত কর্মকর্তার খামখেয়ালির কারণে চাঁন মিয়াসহ চার আসামি হয়রানি এবং শারীরিক-মানসিক কষ্টের শিকার হয়েছেন। প্রায় সাড়ে ছয় বছর আগের ভয়াবহ সেই বোমলা হামলার মামলায় গতকাল মঙ্গলবার ঘোষিত রায়ের পর্যবেক্ষণে এসব তথ্য জানিয়েছেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

আলোচিত এ মামলার রায়ে আরমান ওরফে মনিরের ১০ বছর এবং কবির হোসাইন ওরফে রাশেদ ওরফে আশিফের ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, আসামি হিরন ও আলবানীর নাম পাওয়া গেলেও এ মামলায় গ্রেপ্তার হওয়ার আগেই ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় পুলিশ তাদের নাম তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেনি। কিন্তু তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. সফিউদ্দিন শেখ কার কাছ থেকে বা কোথায় কীভাবে জানতে পেরেছেন যে, হিরন ও আলবানী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে, সে বিষয়েও পুলিশ প্রতিবেদনে কোনো উল্লেখ নেই।

এ দুজনের বন্দুকযুদ্ধে নিহত হওয়ার সমর্থনে কোনো মামলার কাগজপত্রও আদালতে দাখিল করা হয়নি। হোসেনি দালান গ্রেনেড হামলার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী নোমানকে কেন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি, সে বিষয়েও তদন্ত কর্মকর্তা কোনো বক্তব্য দেয়নি। পূর্বেই উল্লেখ করা হয়েছে, তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. সফিউদ্দিন শেখ সাক্ষ্য-প্রমাণ ছাড়াই আসামি চাঁন মিয়া, ওমর ফারুক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ ও শাহজালাল মিয়াকে এ মামলায় আসামি হিসেবে অযথাই গ্রেপ্তার করে বিচারের জন্য পাঠানো হয়েছে।

আদালত বলেন, এ ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা ‘মারাত্মক ভুল’ করেছেন এবং চরমভাবে দায়িত্বে অবহেলার পরিচয় দিয়েছেন। এর ফলে হোসেনি দালান গ্রেনেড হামলা মামলার মূল পরিকল্পনাকারী নির্দেশদাতা ও হামলাকারীদের আইনের আওতার বাইরে রয়ে গেছে। কোনো প্রকার সাক্ষ্য-প্রমাণ ছাড়াই এ চারজনকে আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তার খামখেয়ালির কারণে আসামি চাঁন মিয়াসহ চার আসামি হয়রানির শিকার হয়েছেন এবং তারা শারীরিক ও মানসিক কষ্টের শিকার হয়েছেন।

পর্যবেক্ষণে বিচারক আরও বলেন, আসামি কবির হোসেন এবং আরমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনায় দেখা যায়, হোসেনি দালান গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিল আলবানী এবং নোমান। হামলায় প্রত্যক্ষভাবে অংশ নেন রানা ও হিরন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন